উইলস লিটল ফ্লাওয়ারে বুধবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
গোপালগঞ্জে দুর্ঘটনায় এক শিক্ষক মারাত্মক আহত হওয়ার ঘটনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বুধবারের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমরা ব্যথিত। তাছাড়া আমাদের সমস্ত জনবল দুর্ঘটনার কারণে অন্যান্য কাজে ব্যস্ত। তাই আজকের সকল শ্রেণি ও উভয় শিফটের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।"
ঢাকার নামী এ শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৮টা থেকে বেলা পৌনে ১২টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা- দুই শিফটে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে।
উইলস লিটল ফ্লাওয়ারের ১২৫ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী মঙ্গলবার চারটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। বহরের একটি বাস গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা খেলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সৈয়দ ফাহিমা বেগম (৪৮) নামে এক শিক্ষকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে হেলিকপ্টারে করে বিকালে তাকে ঢাকায় আনা হয় এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচার করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানোর ব্যবস্থা করেন চিকিৎসকরা।
অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে। আমরা থেকে অবজারভেশনে রেখেছি। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।”
