২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট ফাঁকি: বাপ্পীর বিল্ডট্রেডের অ্যাকাউন্ট অবরুদ্ধ

পঞ্চাশ কোটি ২৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে এনায়েতুর রহমান বাপ্পীর কোম্পানি বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 09:59 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মইনুল খান জানান, ৬১টি বাংকে ওই কোম্পানির নামে থাকা সব ধরনের অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (ফ্রিজ) করার নোটিস জারি হয়েছে মঙ্গলবার।

মানিকগঞ্জের ধামরাইয়ের বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান চ্যানেল নাইনের মালিক।

বিএনপি আমলে মোসাদ্দেক আলী ফালুর মালিকানায় থাকা এনটিভির ব্যবস্থাপনা পরিচালকের পদে ছিলেন তিনি। চ্যানেল নাইন খোলার পর তিনি ওই পদ থেকে ইস্তফা দেন।   

মইনুল খান বলেন, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আগে দুটি মামলা হয়েছিল। এর একটিতে ২৬ কোটি ৬৮ লাখ টাকা এবং অন্যটিতে ২৫ কোটি ৫৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে।

প্রথম মামলায় ওই কোম্পানি চারটি ট্রেজারি চালানের মাধ্যমে দুই কোটি টাকা জমা দিলেও বাকি ৫০ কোটি ২৪ লাখ টাকা না দিয়ে কাস্টমস আপিলাত ট্রাইবুনালে আপিল দায়ের করে। কিন্তু ট্রাইবুনাল তাদের আবেদন খারিজ করে দেয়।

এরপর ভ্যাটের টাকা পরিশোধ করার জন্য ভ্যাট আইন অনুসারে দুই বার নোটিস দেওয়া হলেও বিল্ডট্রেড কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে জানান মইনুল খান।

অভিযোগের বিষয়ে বিল্ডট্রেড ইঞ্জিনিয়ারিংয়ের কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।