২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস কী, রোধে করণীয়- শিক্ষা প্রতিষ্ঠানকে জানাল মাউশি

নভেল করোনাভাইরাস কী এবং এই রোগ প্রতিরোধে কী কী করতে হবে, তার সবিস্তার তুলে ধরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদেশ পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 04:20 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এই আদেশ মাউশির অধীন শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিসে পাঠানো হয়।

‘করোনাভাইরাস রোগ প্রতিরোধ ও চিকিৎসায় করণীয়’ শীর্ষক নির্দেশনায় বলা হয়, “সরকার ইতোমধ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।”

গত রোববার বিদেশ ফেরত তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

এ পরিপ্রেক্ষিতে আইইডিসিআরের করোনাভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণের জন্য নির্দেশনা জারি করে মাউশি।

যেভাবে ছড়ায়

>> এ ভাইরাস কোনো প্রাণি থেকে মানুষের দেহে ঢুকছে।

>> এখন মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে।

>> করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি, কাশি, কফ, থুথু) অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে একজন থেকে আরেকজনে ছড়ায়।

লক্ষণ

>> ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে।

>> বেশিরভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর।

>> এছাড়া শুকনো কাশি বা গলা ব্যথা হতে পারে।

>> শ্বাসকষ্ট বা নিউমোনিয়া দেখা দিতে পারে।

>> অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্ট বা হৃদরোগ বা কিডনি সমস্যা বা ক্যান্সার) থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হতে পারে।

প্রতিকার

#যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনও নেই

 # চিকিৎসা লক্ষণভিত্তিক।

প্রতিরোধে করণীয় (ব্যক্তিগত সচেতনতা)

>> ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড)।

>> অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না।

>> ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

>> কাশির শিষ্টাচার মেনে চলতে হবে (হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে)।

>> অসুস্থ পশু বা পাখির সংস্পর্শ পরিহার করতে হবে।

>> মাছ-মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে।

>> অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে।

>> জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে।

>> প্রবাসী আত্মীয়-স্বজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে।

>> প্রয়োজন ছাড়া যে কোনো জনসমাগম এড়িয়ে চলতে হবে।

>> অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে।

সন্দেহভাজন রোগের ক্ষেত্রে করণীয়

# প্রবাসী আত্মীয়কে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা।

# অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন।

# মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন।

# রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

# রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করুন।

মাউশির নির্দেশনায় এই ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে আইইডিসিআরের করোনা কন্ট্রোল রুম (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।