২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রমাণ থাকার পরও নারী নির্যাতনের বিচার হচ্ছে না’

দেশে নারী নির্যাতনের ঘটনার প্রমাণ থাকার পরও নারীরা সুষ্ঠু বিচার পাচ্ছে না বলে মনে করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 02:28 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

তিনি বলেন, “আজকে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও রাষ্ট্র তাকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখাচ্ছে। দেশের প্রচলিত আইনে নারীর অধিকার খর্ব করা হচ্ছে।

“প্রতিদিন নারী ও শিশু নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। নারী নির্যাতনের প্রমাণ থাকা সত্ত্বেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। বিচারের জন্য আমাদের আন্দোলন করতে হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “আমরা যখন আমাদের আইন দেখি, সেখানে বাল্যবিবাহ নিরোধের নামে বাল্য বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে যে আইন আছে, সেই আইন যথাযথভাবে প্রয়োগ দেখি না। ধর্ষণকারী নিরাপদে, নির্দ্বিধায় সমাজে ঘুরে বেড়ায়। অথচ যে ধর্ষণের শিকার তাকে আত্মগোপন করে থাকতে হয়।

“আজকে এই নারী দিবসে বলতে চাই, নারী-পুরুষ মিলেই এ সমাজ। নারী কোনো পণ্য নয়, নারী কোনো বস্তু নয়, সে মানুষ। মানুষের মর্যাদা নিয়ে সে যেন সমাজে বাস করেতে পারে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “আজকে আমরা যদি ভাবি বাংলাদেশে নারী-পুরুষ সমান, তাহলে আমরা ভুলের মধ্যে আছি।

“এখনও নারীর সমতা নিশ্চিত হয়নি, এখনও সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত হয়নি, নারীদের উপযুক্ত কর্মঘণ্টা নির্ধারণ হয়নি, শ্রমমূল্য নির্ধারণ হয়নি। যতদিন এসব সমস্যা সমাধান হবেনা, ততদিন আন্তর্জাতিক নারী দিবস পালন করতে হবে। নারীর অধিকার নিশ্চিত হলে, নারী পুরুষের সমতা অর্জিত হলে তখন আর নারী দিবস পালনের দরকার হবে না।”
অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে নারী মুক্তি বিষয়ক বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করা হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক তসলিমা আক্তার বিউটি, দপ্তর সম্পাদক তৌফিজা লিজা, অর্থ সম্পাদক নাইমা খালেদ মনিকা প্রমুখ।