ত্রিমাত্রিক প্রদর্শনীতে বঙ্গবন্ধু, ফের সেই বজ্রকণ্ঠ
একাত্তর সালের সাতই মার্চ যে ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ৪৯ বছর পর সেই ভাষণের ত্রিমাত্রিক প্রদর্শনী যেন ফিরিয়ে আনল বাঙালির জাতীয় জীবনের অবিস্মরণীয় সেই বিকেল।
শনিবার হলোগ্রাফিক প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর সেই ভাষণকে ফিরিয়ে আনা হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে উপস্থিত হাজারো দর্শকের সামনে।
কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার শুরুর দিকের অংশের আদলে গ্রাফিক ভিডিও উপস্থাপনার মাধ্যমে শুরু হয় হলোগ্রাফি।
এরপর ত্রিমাত্রিক উপস্থাপনায় দৃশ্যপটে হাজির হন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
ঢাকার আর্মি স্টেডিয়ামে শনিবার জয় বাংলা কনসার্টে হলোগ্রাফিক প্রদর্শনীতে তুলে ধরা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ। ছবি: মাহমুদ জামান অভি
দুই বোনের বর্ণনার শেষপ্রান্তে কবি নির্মলেন্দু গুণের কবিতার শেষের কিছু অংশ পাঠ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনার কণ্ঠে ‘অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন/ ক্ষণ পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল/হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার/সকল দুয়ার খোলা/কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?’ ভেসে আসার পর দৃশ্যপটে আসেন ‘বঙ্গবন্ধু’।
জাতির পিতার বজ্রকণ্ঠে ভেসে আসে সাতই মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ কিছু অংশ। এ সময় তার সঙ্গে কণ্ঠ মেলান আর্মি স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার তরুণ।
ঢাকার আর্মি স্টেডিয়ামে শনিবার জয় বাংলা কনসার্টে হলোগ্রাফিক প্রদর্শনীতে তুলে ধরা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ। ছবি: মাহমুদ জামান অভি
এ সময় উপস্থিত সবাই ভিআইপি গ্যালারিতে থাকা শেখ হাসিনা ও শেখ রেহানার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধুর দুই কন্যাও জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
সরকারের আইসিটি ডিভিশন হলোগ্রাফি তৈরি করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ প্রদর্শনীর পর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিআরআই নির্মিত গ্রাফিক নভেলের উপর একটি তথ্যচিত্রও দেখানো হয়।
