ওমরাহর টাকা ফেরত দেওয়া হচ্ছে: হাব
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে সৌদি আরব আপাতত ওমরাহ পালনের অনুমতি দেওয়া বন্ধ রাখায় প্রায় ১০ হাজার যাত্রীর ভিসা ও টিকেটের টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।
বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ ওমরাহ যাত্রীদের ভিসা ও টিকেটের টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছিল।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমরাহর জন্য দেওয়া টিকেটের দাম বিভিন্ন এজেন্সিকে ফেরত দেওয়া হচ্ছে।
“এখন ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের (আইবিএএন) টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। সৌদি সরকার ইতোমধ্যে আইবিএএনের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।”
গতবছরের শেষ ভাগে চীন থেকে ছড়াতে শুরু করা নভেল করোনাভাইরাস ইতোমধ্যে ৭০টি দেশে পৌঁছে গেছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের; আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।
সৌদি আরবের ওই ঘোষণায় ১০ হাজার ওমরাহযাত্রী নিয়ে বিপাকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও হাব।
ওই সিদ্ধান্ত আাসর আগেই তাদের ভিসা হয়ে গিয়েছিল। ভিসার শর্ত অনুযায়ী বিমান টিকেট, হোটেল বুকিংসহ অন্যান্য প্রস্তুতি বাবদ টাকাও নিয়েছিল এজেন্সিগুলো।
হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমরাহযাত্রীদের ভিসা, যাতায়াত, হোটেল, ইনস্যুরেন্স বাবদ ১৯ হাজার ৪০০ টাকা করে নেওয়া হয়েছিল ১০ হাজার যাত্রীর কাছ থেকে। এর বাইরে রয়েছে বিমান টিকেটের দাম।
“হাব থেকে আমরা একটি চিঠি পেয়েছি, সেখানে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে টিকেটের দাম ফেরত দেওয়া হবে। বাকি টাকা আমরা ১৫ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার দাবি জানিয়েছি।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ডিজিএম তাহেরা খন্দকার বলেন, “যারা ওমরাহ করার জন্য বিমানের টিকেট কেটেছিলেন, তারা সেই টাকা ফেরত পাবেন। সেজন্য তাদের বাড়তি কোন ফি দিতে হবে না। এ নিয়ে ভোগান্তির কোনো সুযোগ নেই।”
