ঢাকা-১০: প্রতীক নিয়ে ‘সমঝোতার’ প্রচারে প্রার্থীরা
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিরসহ ছয়জন প্রার্থী।
আগামী ২১ মার্চ ভোট সামনে রেখে রোববার থেকে প্রচার শুরু করছেন প্রার্থীরা।
ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি এবার ভিন্ন আঙ্গিকে প্রচারণা চালাবেন ঢাকার এই উপনির্বাচনের প্রার্থীরা।
জনদুর্ভোগ কমাতে নির্বাচন কমিশন নির্ধারিত স্থানে পোস্টার সাঁটাবেন তারা। পথসভা, জনসভা হবে নির্ধারিত স্থানে এবং মাইকিংয়ে প্রচারণা করতে হবে শব্দ দূষণ ছাড়াই। লেমিনেটেড পোস্টারও করবেন না তারা।
সমঝোতার ভিত্তিতে প্রার্থীদের জন্য এমন প্রচারের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
প্রতীক বরাদ্দ
আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ‘নৌকা’, বিএনপির শেখ রবিউল আলম ‘ধানের শীষ’, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান ‘লাঙ্গল’ এবং বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরীকে ‘ডাব’ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন।
এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কাজী আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীক পেয়েছেন।
আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী
প্রতীক পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “আওয়ামী লীগ মানুষের মধ্য থেকে সৃষ্টি হয়েছে। এটা মানুষের দল, মানুষের জনপ্রিয়তা নিয়ে ভোটারদের কেন্দ্রমুখী করা হবে। ডিজিটাল পদ্ধতিতে ভোট বা ইভিএমে ভোট কম হোক, কিন্তু স্বচ্ছ ভোট হোক। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক। ভোটাধিকার প্রয়োগ করলে আমার বিজয় সুনিশ্চিত।”
‘নির্বাচনের নামে প্রহসন’ জনগণকে ভোট বিমুখ করে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।
সমঝোতার শর্ত মেনে চলার পরামর্শ
রিটার্নিং কর্মকর্তা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন বলেন, “প্রতি প্রার্থীই সমঝোতা স্মারক সই করেছেন। প্রার্থীরাই আগামী দিনে আমাদের জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। আশা রাখি, সবাই মেনে চলবে এটা। এটা সফল হলে হয়ত আইনেরও সংশোধনী আসতে পারে।”
“আমরা কোনো ব্যবস্থাই নিতে চাই না। আমরা চাই, প্রতিটি প্রার্থী সমঝোতার বিষয়গুলো মেনে চলবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি, তারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। তারা সম্মানিত ব্যক্তি, সমাজের সুধীজন। তারা যে সমঝোতা করেছেন, সেটা মেনে চলবেন।”
তিনি জানান, নির্ধারিত নির্বাচনী ক্যাম্পে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করতে পারবেন। ২১ স্থানের বাইরে পোস্টার ঝুলাতে পারবেন না। ৫টির বেশি শোভাযাত্রা, ৩টির বেশি পথ সভা করতে পারবেন না। উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন হবে।
যে ২১ স্থানে পোস্টার
ঢাকা-১০ নির্বাচনী এলাকায় পোস্টার লাগানোর জন্য ২১টি স্থান নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। সে সব স্থানে প্রতি প্রার্থীর জন্য আলাদা আলাদা বোর্ড করে দেওয়া হয়েছে। সেখানে তারা তাদের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পোস্টার লাগাবেন। এর বাইরে কোথাও পোস্টার লাগাতে পারবেন না প্রার্থীরা।
স্থানগুলো হল- হাজারীবাগ সেকশনের ময়না মার্কেট, হাজারীবাগ উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ পার্ক, ট্যানারি মোড়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি, গণকটুলী চৌরাস্তা মোড়ের বিডিআর গেইট নম্বর-৫, রায়ের বাজারের জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমণ্ডি-১৫-এর কাকলী উচ্চ বিদ্যালয়, ঢাকা সিটি কলেজ সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজের উত্তর পাশের রিফাতুল্লাহ মার্কেট, ঢাকা কলেজ, ধানমণ্ডির বিপরীত পাশের সায়েন্স ল্যাবরেটরির টিচার্স ট্রেইনিং কলেজ, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মাঠ, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, হাতিরপুলের মোতালেব প্লাজার বিপরীত পাশের তিন নম্বর রাস্তার মোড়, রাসেল স্কয়ারের নিউ মডেল স্কুল, ধানমণ্ডি-৩২ এর রাসেল স্কয়ার, শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় বাসস্ট্যান্ড, শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ রোডের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত চৌরাস্তা মোড়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।
