একসাথে ৩ আসামির জবানবন্দি, শরীয়তপুরের বিচারককে হাই কোর্টে তলব
একটি হত্যা মামলার তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একসাথে কিভাবে নিয়েছেন, সে বিষয়ে ব্যাখ্যা জানতে শরীয়তপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ নেজাম উদ্দীনকে ডেকেছে হাই কোর্ট।
আগামী ২৯ মার্চ তাকে আদালতে এসে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মামলার দুই আসামির জামিন শুনানিতে রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাব্বির হামজা চৌধুরী ও রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী)।
২০১৮ সালের ৫ জুলাই ভ্যানচালক খলিল ফকির হত্যার অভিযোগে দুইজনকে আসামি করে শরীয়তপুরের জাজিরা থানায় মামলা করা হয়।
এ মামলার অভিযোগপত্রে রুবেল চৌকিদার, লিটন সানি ও আলী হোসেন বেপারিকে অন্তর্ভুক্ত করার পর ১৯ জুলাই এই তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন শরীয়তপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ নেজাম উদ্দীন।
পরবর্তীতে আসামি লিটন সানি ও মো. আলী হোসেন বেপারি জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন।
ওই জামিন আবেদনের শুনানিতে ধরা পড়ে একই সময়ে তিন আসামির জবানবন্দি নেওয়ার বিষয়টি।
আইনজীবী রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “বিষয়টি নজরে আসলে আদালত শরীয়তপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ নেজাম উদ্দীনকে তলব করেন।
“একই সঙ্গে দুই আসামি সানি ও মো. আলী হোসেন বেপারিকে ৬ মাসের জামিন দিয়েছেন।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী) বলেন, আদালত আগামী ২৯ মার্চ শরীয়তপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমকে তলব করেছেন।
