আইইবিতে নুরুল হুদা সভাপতি, শাহাদাৎ সম্পাদক নির্বাচিত
প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সরকার সমর্থকরা জয়ী হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহাদাৎ হোসেন শিবলু।
শনিবার আইইবির জনসংযোগ কর্মকর্তা এ কে এম ইমরান হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট দেন। পরে বুয়েটের কম্পিউটার বিভাগের তত্ত্বাবধানে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হয়।
নির্বাচনে চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মোহম্মদ হোসেন, খন্দকার মনজুর মোর্শেদ, মো. নুরুজ্জামান এবং এস এম মঞ্জুরুল হক মঞ্জু।
চারটি সম্মানীয় সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রনক আহসান, শেখ তাজুল ইসলাম তুহিন, আবুল কালাম হাজারী এবং প্রতীক কুমার ঘোষ।
এছাড়া আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ভাইস-চেয়ারম্যান পদে হাবিব আহম্মেদ হালিম (মুরাদ), মুসলিম উদ্দিন এবং সম্মানীয় সম্পাদক পদে কাজী খায়রুল বাশার নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে আইইবি সদর দপ্তরে ১০টি নির্বাহী পদের বিপরীতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কেন্দ্রীয় কাউন্সিলে ২৭টি সদস্য পদের জন্য ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে নয়জন এবং ৩০টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
