`স্বচ্ছ’ জনপ্রতিনিধি নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: তাজুল
স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ ব্যক্তিকে বেছে নিতে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
রোববার কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ‘ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক জাতীয় কর্মশালয় প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, শিক্ষিত ও সম্মানিত ব্যক্তিরা যাতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
“স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে সম্মানজনক জায়গায় আনতে হবে। যাতে শিক্ষিত ও সম্মানীয় ব্যক্তিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে।”
তিনি বলেন, স্থানীয় সরকারের প্রধান কাজ হলো মানুষকে সুশাসন দেয়া, তাদের আর্থিক অবস্থার উন্নতি ও স্বস্তিতে রাখা। তবে স্থানীয় সরকারের আয় বাড়ানোর জন্য তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা যাবে না।
“যখন মানুষ বুঝতে পারবে স্থানীয় সরকার তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছে তখন তারা টাকা দেবে।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এই কর্মশালার আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
বক্তারা ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করে স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করা ও স্থানীয় সরকার উন্নয়নে প্রণীত ইউপি আইন-২০০৯ এ বর্ণিত কার্যাবলী সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।
কর্মশালায় বাংলাদেশের আটটি বিভাগ থেকে ১৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের আটজন সদস্য, আটজন ইউপি সচিব এবং আট বিভাগের আট ইউপি সদস্য, আট বিভাগের আট ইউপি সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
