সেই ভাষা আমি শিখিনি: মুস্তফা কামাল
সংসদে যে ভাষায় বিরোধী সংসদ সদস্যদের সমালোচনার শিকার হয়েছেন, তাতে তখন মন খারাপ হলেও তা ভুলে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সংসদে তুমুল সমালোচনার পরদিন বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে ব্যবসা সহজীকরণ অগ্রগতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে নিতে বুধবার সংসদে নতুন আইন প্রণয়নের প্রস্তাব পাসের আগে তুমুল বিরোধিতা করেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। অর্থমন্ত্রীর ব্যবসায়ী পরিচয় তুলে ধরে তার সমালোচনা করেন তারা।
তার প্রতিক্রিয়ায় মুস্তফা কামাল বলেন, “তারা বলছে, জোর করে টাকা নিয়ে আসার জন্য এ আইন করেছি। তারা যদি বোঝেন তাহলে কেন তারা বলছেন যেসব প্রতিষ্ঠান বাকি রয়েছে, তাও অন্তর্ভুক্ত করতে। আমাদের ভালো কাজগুলো পছন্দ করে না, সামান্য কিছু পেলেই হইচই করে।”
তিনি বলেন, “সংসদে বসে বসে দেখতাম, কোনোনদিন কথা বলতাম না এখন কথা বলতে হচ্ছে। তারা যেভাবে রিঅ্যাক্ট করে, এগুলো কোনো গণতন্ত্রের ভাষা নয়, সভ্য সমাজে এখানে উচ্চারণ করব না।
“একজন সদস্য বলেছেন আমি ব্যবসায়ী মন্ত্রী,ব্যবসায়ী মন্ত্রী হওয়ার কারণে তার মতে ব্যবসাটা ভালো বুঝি, টাকা-পয়সার হিসাবটা ভাল বুঝি এবং কখন কার থেকে টাকা নিতে হবে, সেটাও ভালো বুঝি। একথা সঠিক নয়। তিনি এ রকমভাবে পারসোনাল লেভেলে না গেলেও পারতেন। “
“এক সময় ব্যবসায়ী ছিলাম। ব্যবসা করা তো অপরাধ না, ব্যবসা করেছি ১২ বছর আগে,” বলেন মুস্তফা কামাল।
তিনি বলেন, “কালকে সামান্য সময়ের জন্য আমার খারাপ লেগেছে। আমি বলতে বাধ্য হয়েছি, ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত এটা বলতে পারলেন, আমি এ বছর সারাবিশ্বের অর্থমন্ত্রীর সেরা, এটা তো বলেন না।”
তিনি সাংবাদিকদের বলেন, “কালকের বিষয় ডিপলি নেবেন না, নেওয়ার দরকার নেই । আমিও ভুলে গেছি। কালকেই আমাকে পেছন থেকে বন্ধু বান্ধব বলেছে, তুমিও সেখানে যাও। আমি বলেছি, ওদিকে যেতে পারব ন। সেই ভাষা আমি শিখি নাই।”
ভুলে যেতে বলছেন কেন- প্রশ্নে মুস্তফা কামাল বলেন, “আপনাদের সম্মান আমি বাড়ানোর চেষ্টা করি, আপনারা আমার সম্মান খর্ব করার চেষ্টা করেন, ঠিক হল না।”
অর্থ পাচার নিয়ে তিনি বলেন, “তাদের বক্তব্য হল, ব্যাংকের দুর্বল অবস্থা, টাকা পাচার হয়ে যাচ্ছে। তারা বলছেন, লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। তারা কীভাবে জানলেন? আমি আসার পর কয়দিন ছাপাতে পেরেছেন এখন টাকা পাচার হয়ে গেছে, আমি তো গত একবছর দেখেনি। আগে মাঝে মাঝে নজরে পড়ত।”
‘শৃঙ্খলা আনতেই অর্থ কোষাগারে’
টাকার জন্য নয় বরং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরিতে আইন হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।
“আমরা কোনো অসৎ উদ্দেশ্য বা অশুভ কার্যসম্পাদনের জন্য বিলটি পাস করি নাই,” বলেন তিনি।
আইনটি প্রণয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করে মুস্তফা কামাল বলেন, “টাকা দেবার সময় সরকার, আর খরচ করার সময় নিজে, এটা হওয়া উচিৎ না। আইনটি যথাযথভাবে করা হয়েছে এবং ডেফিনেটলি একটি অর্থবহ ভূমিকা পালন করবে আমাদের অর্থনীতিতে।”
প্রতিষ্ঠানগুলো ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকা ট্রেজারিতে নিলে তারল্য সঙ্কট হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “ব্যাংকে সারপ্লাস ফান্ড অনেক বেশি, এটি থাকলেও লস। যে পরিমাণ টাকা থাকা উচিৎ, সে পরিমাণ টাকা থাকা ভালো।
“আমি আবারো বলব, বিষয়টি হচ্ছে আর্থিক শৃঙ্খলা এখাতে নিয়ে আসা। এছাড়া বাইরে কোনো উদ্দেশ্য নেই।”
সরকার কত টাকা ট্রেজারিতে নিতে পারে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন,“হিসাব করি নাই, প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে। এ মুহুর্তে এক লাখ ১৬ হাজার ১৪৩ কোটি টাকা অলস বা সারপ্লাস মানি আছে।”
সরকার এই টাকা ট্রেজারি বা ব্যাংকে কোথায় রাখবে, তা এখনও ঠিক হয়নি বলে অর্থমন্ত্রী জানান।
দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা এখনও ভালো রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে অর্থমন্ত্রী বলেন, “আমাদের ঘাটতি রয়েছে রপ্তানি বাণিজ্য, ৫ শতাংশের মতো নেগেটিভ গ্রোথ রয়েছে। বছর শেষে তা থাকবে না। পৃথিবীতে একটি দেশও নেই যেখানে নেগেটিভ গ্রোথ নেই। সামষ্টিক অর্থনীতি ওভারঅল খারাপ নয়।”
চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।
