২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা কর্মকর্তা বজলুর রশীদের জামিন হয়নি

অবৈধ সম্পদের মামলায় জামিন পাননি কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2020, 05:00 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ বৃহস্পতিবার শুনানি করে বজলুর রশীদের জামিন আবেদন নাকচ করে দেন।  

আদালতে বজলুর রশীদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

দুদকের অন্যতম আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় এর আগে উনাকে হাই কোর্ট জামিন দেয়নি। সেকথাই দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতায় বলা হয়েছে।”

১৯৯৩ সালে সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ রাজশাহীতে ছিলেন।

গতবছর ৬ অক্টোবর দৈনিক যুগান্তরের প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজনস (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদ অভিনব এক পন্থা বেছে নিয়েছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শতাধিক ধাপে তিনি পাঠিয়েছেন কয়েক কোটি টাকা। টাকা তুলেছেন তার স্ত্রী রাজ্জাকুন নাহার।

এজন্য প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে সিম তোলা হয়েছে এবং সরাসরি নিজে টাকা না পাঠিয়ে নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে ওই টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয় ওই প্রতিবেদনে।

পরে সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, ২০১৮ সালে তিন কোটি আট লাখ টাকা দিয়ে রাজধানীর সিদ্বেশ্বরীতে একটি ফ্ল্যাট কেনেন বজলুর রশীদ। কিন্তু ওই অর্থের কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন তা দাখিল করতে পারেননি। সে কারণে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১২ মার্চ পরবর্তী তারিখ ধার্য করে দেন।