২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন জালিয়াতি চক্রের ‘হোতা’সহ গ্রেপ্তার ৩

আদালতের  বিচারিক কাজের নথিপত্র জালিয়াতি করে জামিন করানো প্রতারক চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2020, 01:15 AM

Updated : 18 Aug 2022, 02:28 PM

তারা হলেন- দেলোয়ার হোসেন, এবিএম রায়হান ও মো. শামীম রেজা।

সিআইডির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের একটি দল রংপুর জেলার পীরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের অস্ত্র উদ্ধার সংক্রান্ত ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা হয়। রাজবাড়ী সদর থানার তদন্ত কর্মকর্তা এজাহারনামীয় আসামি মো. ইয়ার আলী ওরফে ইয়াদ আলী ওরফে খোরশেদ ওরফে বিল্লাল এর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী ২০০২) এর ১৯-ক/১৯-চ ধারা মতে অভিযোগ পত্র আদালতে দাখিল করেন।

আসামি নিম্ন আদালতে জামিন না পাওয়ায় প্রতারক চক্র এডভোকেট মুসরোজ ঝার্ণা সাথীর মাধ্যমে মামলার এজাহার, জব্দ তালিকা, অভিযোগ পত্র জাল-জালিয়াতির মাধ্যমে নতুনভাবে তৈরি করে হাই কোর্ট বিভাগে জামিনের আবেদন করেন।

হাই কোর্ট আসামি ইয়ার আলীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহম্মেদ মামলার মূল কাগজপত্র যাচাই কালে জাল-জালিয়াতির বিষয়টি ধরা পড়ে বলে সিআইডি জানায়।

পরে হাই কোর্ট ওই আসামির জামিন আদেশটি বাতিল করে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়।

ওই আদেশ অনুযায়ী হাই কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার বাদী হয়ে এ্যাডভোকেট মুসরোজ ঝর্ণা সাথী ও শাহিনুর রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন, যা তদন্তভার চাপে সিআইডির উপর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির ঢাকা মহানগর দক্ষিণ বিভাগের একটি টিম ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আইনজীবী সাথীর সহকারী মো. হারুন-রশিদ ওরফে হারুনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে জালিয়াত চক্রের হোতা দেলোয়ারসহ ২ সদস্যকে রংপুর জেলা থেকে গ্রেপ্তার করে।

জালিয়াতির কাজে ব্যবহৃত হাই কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, ডেপুটি জেলারসহ আরও অন্যান্যদের মোট ৪৩টি ভুয়া সিল ও ১টি কম্পিউটার জব্দ করে সিআইডি।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।