২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাতিঘর’ অজয় রায়কে স্মরণ

মুক্তবুদ্ধির চর্চার আন্দোলনের বাতিঘর হিসেবে অধ্যাপক অজয় রায়কে স্মরণ করেছে নাগরিক সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2020, 12:08 AM

Updated : 08 Apr 2022, 12:12 AM

‘অধ্যাপক ড. অজয় রায় স্মরণ নাগরিক কমিটি’ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই স্মরণসভা আয়োজন করে।

সভায় স্মৃতিচারণ করে অজয় রায়ের গুণমুগ্ধরা বলেন, তিনি কোনো বিষয়ে পিছু হটতেন না, বিচলিত হতেন না। এমনকি ছেলে অভিজিৎ রায়কে হারানোর শোকে শারীরিকভাবে কাবু হলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন নির্ভিক ও দৃঢ়চেতা।

একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশের প্রায় সব গণতান্ত্রিক ও নাগরিক আন্দোলনে অজয় রায়ের ভূমিকাও স্মরণ করেন তারা।

কমিটির আহ্বায়ক সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে এই সভায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, মানবাধিকারকর্মী খুশি কবির, সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, লেখক-সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, অঙ্কুর প্রকাশনীর মালিক মেজবাহউদ্দিন আহমেদ, প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আল কাদেরী জয়, অজয় রায়ের ছেলে অনুজিৎ রায়।

সুলতানা কামাল বলেন, “অজয় রায় তার চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে একজন অনন্য মানুষ হিসেবে আমাদের কাছে অধিষ্ঠিত থাকবেন। তিনি যা বিশ্বাস করতেন, তার কথা বলতেন এবং সে অনুসারে কাজ করতেন। তিনি স্বাপ্নিক ছিলেন, দার্শনিক ছিলেন।

“দেশের ক্রান্তীকালীন সময়ে যখন একটি গোষ্ঠীর উপর সাম্প্রদায়িক আক্রমণ চলছিল। সেসময় তিনি সাহসের সাথে সাংগঠনিকভাবে প্রতিবাদ করেছেন। অজয় রায়রা সমাজের যে কোনো বিপর্যয়ে সামনে গিয়ে দাঁড়ায়। তিনি ছিলেন আমাদের অভিভাবক।”

আবুল কাসেম ফজলুল হক বলেন, “অজয় রায় ছিলেন গণজাগরণের মানুষ। বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ও উত্তর সকল আন্দোলনেই তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি সবসময়ই মার্কসবাদ ও সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। তিনি মনে করতেন শুধু সংবিধানে লিখলে হবে না, সমাজতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে। তিনি সবসময়ই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, যদিও তিনি কোনো সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন না।”

স্মৃতিচারণ করে অধ্যাপক এম এম আকাশ বলেন, “অজয় রায়ের সঙ্গে পরিচয়সূত্রে আমি বুঝেছি তিনি সমাজের প্রতি, দেশের প্রতি ও রাষ্ট্রক্ষমতার প্রতি অভিমান পোষণ করেন। অভিমানটা অনেকটা এরকম ছিল, এদেশের মুক্তিসংগ্রামে যারা সত্যিকারের ভূমিকা রেখেছেন, দেশ স্বাধীনের পর তারা নেতৃত্বে আসতে পারেনি। যারা আপসহীন, স্পষ্টবাদী, দৃঢ়, এক পা এগিয়ে দুই পা পিছায় না, তাদের রাষ্ট্র-বিশ্ববিদ্যালয়সহ সব জায়গা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাই তিনি বড়দের প্রতি আস্থা রাখতে পারতেন না। তার বিশ্বাস ছিল তরুণ প্রজন্মই পারবে সত্যিকারের পরিবর্তন আনতে।”

ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন বলেন, “অজয় রায় সবসময়ই চেয়েছেন তরুণ প্রজন্মকে মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক করে তুলতে। তার বিশ্বাস ছিল তরুণ প্রজন্মকে পরিবর্তনের মাধ্যমেই সত্যিকারের পরিবর্তন সম্ভব।”