রাজধানীতে ধর্ষণবিরোধী ‘গণপদযাত্রা’
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে ধর্ষণবিরোধী ‘গণপদযাত্রা’ করেছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট।
কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষিত হওয়ার প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় সংগঠনটির আহ্বায়ক শিবলী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ভিপি সুস্মিতা দে, বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি সাজাহান সাজু, শেরে বাংলা বালিকা মহবিদ্যালয়ের শিক্ষক ফাহমিদা বিনতে হামিদ, নারী চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা, সামাজিক সংগঠন ইয়ুথ ফর চেঞ্জের প্রতিনিধি আফসানা আহমেদসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিল।
পদযাত্রাটি কুর্মিটোলা পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশের অনুরোধে কারওয়ানবাজারে একটি পথসভা করে শেষ হয়।
শিবলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে কারওয়ানবাজারে একটি সংক্ষিপ্ত পথসভা করে পদযাত্রা শেষ করেছি।”
পদযাত্রা শুরুর আগে রাজু ভাস্কর্যে একটি সমাবেশ হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, “প্রতিনিয়ত এখন নারীরা ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে বিদ্যমান আইনের বাস্তবায়ন সঠিকভাবে হয় না।”
তিনি বলেন, “ধর্ষণের সাথে বর্তমান পুঁজিবাদী সমাজের সম্পর্ক আছে। পুঁজিবাদী সমাজ নারীকে মানুষ হয়ে উঠতে দেয় না। তাই আমরা যেমন ধর্ষণের বিরুদ্ধে কথা বলব, একই সাথে আমাদেরকে পুঁজিবাদের বিরুদ্ধেও লড়াইয়ে শামিল হতে হবে।”
সুস্মিতা দে বলেন, “আমরা এমন এক সমাজ বাস্তবতার কথা চিন্তা করি যেখানে আমরা মেয়েরা যেমন দিনের আলোয় নিরাপদে চলতে পারব, ঠিক তেমনি রাতের অন্ধকারেও চলতে কোনো অসুবিধায় পড়তে হবে না।”
এ সময় জোটের পক্ষ থেকে চারিটি দাবি জানানো হয়। এগুলো হল-
> দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯০ দিনের মধ্যে ধর্ষকের বিচার সম্পন্ন করতে হবে।
> কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে বিমানবন্দর পর্যন্ত জায়গাটি পুলিশি নিরাপত্তা ও সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
>কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় মাদকসহ সকল অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে।
এবং
> নারীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুরো ঢাকা শহর সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
এই জোটের পক্ষ থেকে আগামী ১৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কিছু এলাকায় ধর্ষণবিরোধী ক্যাম্পেইন ‘জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
