‘মহাসুবিধায়’ বিএনপি, আর আমাদের মুখে কুলুপ: এইচ টি ইমাম
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচা-প্রচারণায় বিএনপি সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
বিপরীতে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের ‘মুখে কুলুপ’ লাগিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
নির্বাচন ভবনে দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত এই বৈঠক চলে।
এইচ টি ইমাম বলেন, “আমরা চাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠ ও অবাধ ভোট। এজন্য সরকার কী সহায়তা করতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম।”
তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ডের পরিস্থিতিতে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক ওপরে। তাদের প্রচার কাজ চালাতে বাধা নেই।
“নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে না। এক্ষেত্রে বিএনপি মহাসুবিধায় আছে। তাদের তো সকল নেতাই প্রচারে অংশ নিতে পারবেন। কিন্তু আমাদের তো মুখে কুলুপ লাগানো।”
এক প্রশ্নে তিনি বলেন, আচরণবিধি সংশোধন করে নিজেরা সুবিধা নিতে চান না।
“আমরা বলতে চাই না আমাদের সুবিধার জন্য (আচরণবিধি) পরিবর্তন করা হোক। পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তবে সংশোধন নিয়ে ভাবা যাবে। আমরাই জেনে-শুনে আইন করেছি।”
ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে এইচ টি ইমাম জানান, “যন্ত্র আওয়ামী লীগ, বিএনপি চেনে না। কমিশনকে ধন্যবাদ। তারা অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যারা দায়িত্ব পালন করবেন, তারা বিষয়টা জানেন। সেনাবাহিনী এখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।
রোববার বিএনপি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকের দুদিন পর আওয়ামী লীগও বসল কমিশনের সঙ্গে।
প্রচারে মন্ত্রী-এমপি নয়: মাহবুব তালুকদার
বৈঠক শেষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের জানান, শুধু নির্বাচনী প্রচারণা নয়, নির্বাচনের কোনো কার্যক্রমে মন্ত্রী-এমপিরা অংশ নিতে পারবেন না।
“দুটি বিষয়ে স্পষ্ট ও প্রয়োজনীয় আলোচনা হয়েছে। এর মধ্যে একটি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ। অতি গুরুত্বসম্পন্ন কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এ ব্যাপারে আমরা বলেছি বিদ্যমান আইনে যা আছে তার বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না।”
অতি গুরুত্বসম্পন্ন ব্যক্তিদের ভোট দেয়ায় কোন বিধিনিষেধ নেই বলে জানান তিনি।
“এছাড়াও ইভিএম কিভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে, সব কেন্দ্রের জন্য ব্যাকআপ সিস্টেম থাকবে। ইভিএম নিয়ে আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন।”
