২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মহাত্মা গান্ধীকে নিয়ে চিত্রকর্মের প্রদর্শনী

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে ঘিরে একদল বাংলাদেশি তরুণ শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে ঢাকায় প্রদর্শনী শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 11:14 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকর্মের সঙ্গে আলোকচিত্র মিলে ১০ দিনের এ প্রদর্শনী আয়োজন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার চার নম্বর গ্যালারিতে ‘গান্ধী@ ১৫০ আর্ট প্রদর্শনীর’ উদ্বোধন করা হয়। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের ১৫ জন তরুণ শিল্পীর আঁকা চিত্রকর্ম।

দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দানকালে মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায় ফুটে উঠেছে এই চিত্র প্রদর্শনীতে।

অনুষ্ঠানে গান্ধী গবেষক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “সব ধরনের আরাম-আয়েশ ত্যাগ করে উপমহাদেশে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে মানুষের মুক্তির জন্য মহাত্মা গান্ধী যে আন্দোলন শুরু করেন, সেটি বিশ্বের ইতিহাসে অদ্বিতীয়। আর কোন দেশের স্বাধীনতার ইতিহাসে তা হয় নি।”

গান্ধীর অহিংস আন্দোলনের বিষয়ে ফরাসি সাহিত্যিক রোমা রোলাকে উদ্ধৃত করে তিনি বলেন, ”মাটির পৃথিবীতে এ ধরনের মানুষের জন্ম একবার-দুইবারের বেশি হয়নি। তিনি শুধু ভারতবর্ষের নয়, উপমহাদেশের সব মানুষের নেতা ছিলেন।”

ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে বলেন, “এই শিল্পকর্মগুলো কেবল দর্শকদের মুগ্ধই করবে না, গান্ধীজীর সাধারণ ও সত্যের প্রতি নিবেদিত জীবনের কথাও স্মরণ করিয়ে দেবে।”

৩০টি চিত্রকর্ম, ১৮টি আলোকচিত্র ও দুটি ভাস্কর্যসহ মোট ৫০টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে দশদিনের এই প্রদর্শনী।

১২ থেকে ১৫ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে তৈরি হয়েছে এসব চিত্রকর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক শিল্পী রোকেয়া সুলতানার তত্ত্বাবধানে ওই ক্যাম্পে বাংলাদেশের ১৫ জন তরুণ শিল্পী অংশ নেন।

এ প্রসঙ্গে ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ বলেন, “আশা করি, তরুণ যারা এই চিত্রকর্মগুলো এঁকেছে, তারা গান্ধীর আদর্শকে তাদের জীবনের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।”

জামালপুরের সংসদ সদস্য মির্জা আযম ও নোয়াখালীর সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।