২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘরেও’ দুর্নীতিবিরোধী অভিযান চালান, পুলিশকে রাষ্ট্রপতি

সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করলেও বাহিনীর ভেতরেও নজর দিতে বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 10:11 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “দুর্নীতিবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতে আরও দৃঢ়তার সাথে এ ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে। 

“আমি আশা করবো, আপনারা নিজেদের ঘর থেকেই এ অভিযান শুরু করবেন। কিছু সংখ্যক লোকের জন্য যাতে পুরো পুলিশ বাহিনীর দুর্নাম না হয়, সেদিকে খেয়াল রাখবেন।”

তিনি বলেন, “দুর্নীতির কারণে একটি দেশ পিছিয়ে পড়ে। আমাদের দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, তা নিঃসন্দেহে দেশ ও সমাজের জন্য খুবই মঙ্গলজনক।”

অপরাধের পরিবর্তনশীল ধরনের দিকটিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “বিশ্বায়নের এ যুগে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে অপরাধের ধরন ও প্রকৃতির।

“পৃথিবীর বিভিন্ন দেশে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, মানিলন্ডারিং, সাইবার ক্রাইমসহ নানা অপরাধের বিস্তার ঘটছে। এসব বৈশ্বিক অপরাধ এখন আর কোনো একক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও মোকাবেলা অত্যন্ত চ্যালেঞ্জিং।”

পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “পুলিশকে এখন বাস্তব জগতের পাশাপাশি ভার্চুয়াল জগতেও অপরাধ দমন করতে হচ্ছে। অসাধু চক্র প্রায়শই ইন্টারনেটভিত্তিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ও বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গুজব ছড়ানোসহ হ্যাকিং এর মতো অপরাধ সংগঠন করছে যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

“এছাড়াও সংঘবদ্ধ অপরাধীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। এসব অপরাধ দমনে পুলিশকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।”

পাশাপাশি নারী ও শিশুদের প্রতি পুলিশকে আরও সংবেদনশীল হওয়ারও আহ্বান জানান আবদুল হামিদ।

তিনি বলেন, “পুলিশের সেবা নিতে আসা বিপদগ্রস্ত মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সকল স্তরের পুলিশ সদস্যদের বিশেষভাবে মনোযোগী হতে হবে।

“বিশেষ করে নারী ও শিশুর প্রতি হতে হবে আরও সংবেদনশীল। আপনাদেরকে সংবিধানের আলোকে জনগণের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন।