২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-বিচারে ঘাটতিতে ধর্ষণের বিস্তার: ঢাবি শিক্ষক সমিতি

কুর্মিটোলায় ছাত্রী ধর্ষণে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর শৈথিল্য ও বিচারে দীর্ঘসূত্রিতার কারণে সমাজে ধর্ষণ বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 04:18 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক এক বিবৃতিতে দোষীদের আইনের আওতায় আনাতে ওই ছাত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবৃতিতে তারা দুই বছর আগে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্তী সোহাগী জাহান তনুসহ অন্যান্য নিপীড়নের ঘটনার বিচার দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী রোববার সন্ধ্যায় শেওড়ায় তার বান্ধবীর বাসায় যাওয়ার সময় কুর্মিটোলায় বাস থেকে নামার পরপরই তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনার পর সংজ্ঞা হারিয়ে ফেলা ওই ছাত্রী রাত ১০টার দিকে জ্ঞান ফিরে পেলে সহপাঠীদের ঘটনাটি জানান। রাত পৌনে ১টার দিকে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অন্য শিক্ষকরা রাতেই হাসপাতালে ওই ছাত্রীর খোঁজ খবর নিতে যান। দোষীদের আইনের আওতায় আনাতে ওই ছাত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

শিক্ষক সমিতির বিবৃতিতে ‘মানবতাবিরোধী জঘন্য ও পাশবিক ঘটনায় ধিক্কার ও প্রতিবাদ’ জানিয়ে বলা হয়, “শিক্ষক হিসেবে আমাদেরই সন্তানতুল্য একজন ছাত্রীর প্রতি এহেন পৈশাচিক উন্মত্ততায় আমরা গভীরভাবে মর্মাহত, বেদনাক্লিষ্ট ও ক্ষুব্ধ।

“ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরণিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য, বিচারের দীর্ঘসূত্রিতা এবং কখনো কখনো সঠিক তদন্তের অভাবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণ-ব্যাধির বিস্তার ঘটে চলেছে। এখনই এসবের মূলোৎপাটনে রুখে দাঁড়াতে হবে, নতুবা এটি অধিকতর মহামারি আকার ধারণ করবে।”

ক্যাম্পাসে টানা বিক্ষোভ

এদিকে রাতে ছাত্রী ধর্ষণের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে মধ্য রাতেই বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রলীগ, ডাকসু ভিপি নুরুল হক নুরের অনুসারি ও বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

সকালে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি শুরু করে ছাত্রলীগ, ছাত্রদল, সন্ত্রাস বিরোধী ছাত্রঐক্য ও অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

নীলক্ষেত থেকে রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, শাহবাগ এলাকায় খণ্ড খণ্ড প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচিতে জাতীয় পতাকা ধারণ, বিভিন্ন ধরনের ব্যানার, প্লাকার্ডে ধর্ষণ বিরোধী স্লোগান ধারণ করছে প্রতিবাদীরা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে আঁকা হয়েছে ধর্ষণবিরোধী প্রতিবাদী আলপনা।

ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় ইতোমধ্যেই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছেন।