হুজির গ্রেপ্তার ৫ সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গ্রেপ্তার হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) ৫ সদস্য আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তাদের সঙ্গে গ্রেপ্তার অন্যজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
রিমান্ড শেষে আক্তার হোসেন (৩৪) নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূইয়া।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন (২৫), নুর আলম (২৮), মো. রফিকুল ইসলাম (২৯), আবুল মিয়া (৩৫) ও আব্দুর রহমান (৩০)।
এক সপ্তাহ আগে বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি এক আসামির দিক-নির্দেশনায় সংগঠন শক্তিশালী করতে ওই ছয়জন ডাকাতি করছিল বলে পুলিশের ভাষ্য।
নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে জড়িত ওই ছয়জনের বিরুদ্ধে বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
সেই মামলায় পুলিশ গত ২৭ ডিসেম্বর তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিলেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ।
রিমান্ড চলাকালে গত ৩১ ডিসেম্বর আবুল হোসেন, রফিকুল ইসলাম ও আব্দুর রহমান, বৃহস্পতিবার বিল্লাল ও নুর আলম হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
