মিশনগুলোকে ’আরও প্রবাসীবান্ধব’ হওয়ার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর
বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও প্রবাসীবান্ধব হওয়ার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার মিশনগুলোর প্রধানদের কাছে লেখা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মিশনসমূহে কনস্যুলার সেবা প্রদানে অধিকতর মনোযোগী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখারও নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।”
কনস্যুলার সেবার মানন্নোয়নে এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে মিশনগুলোতে যে কোনো মতামত বিবেচনা করার আশ্বাসও দেওয়া হয়েছে ওই চিঠিতে।
মন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৪ ঘণ্টা হটলাইন, দূতাবাস অ্যাপ, অভিযোগ বাক্স স্থাপন, এয়ারপোর্টে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সেবার মান উন্নীতকরণ ও হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে প্রবাসীদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে তড়িত বেগে বিবেচনা করতে হবে।”
বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে স্বাগতিক দেশ কীভাবে সহযোগিতা করতে পারে, তা পরীক্ষা করে সে অনুযায়ী সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার জন্যও নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ”বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরি হলে একদিকে যেমন বিদেশি বিনিয়োগকারীরা তার ফল উপভোগ করবে, একইসঙ্গে আমাদের দেশে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।”
