সৈয়দ মোয়াজ্জেম আলীকে শেষবার দেখতে গেলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেছেন, মোয়াজ্জেম আলীর মত কূটনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হল।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান সাবেক পররাষ্ট্র সচিব ও ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তাকে শেষবার দেখতে দুপুরে সিএমএইচে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি মোয়াজ্জেম আলীর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
লেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে সিলেটে। দীর্ঘ কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে ওয়াশিংটনে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন তিনি। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় সৈয়দ মোয়াজ্জেম আলীর সেই ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই কূটনীতিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সিএমএইচে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
