২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতিতে নীল ১৪, সাদা ১

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্তৃত্ব ধরে রেখেছে আওয়ামী লীগ সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 07:32 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪ টি পদে জয় পেয়েছে নীল দলের প্যানেল। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের একজন প্রার্থী সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন।

সোমবার বিকালে এই নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে ভোট দেন ১৪৪৩ জন ভোটার।

৯৩৩ ভোট পেয়ে টানা চতুর্থবার সভাপতি নির্বাচিত হয়েছেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নুর ইসলাম পেয়েছেন ৪৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন মো. হাসানুজ্জামান পেয়েছেন ৬৪৩ ভোট।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় সহ সভাপতি পদে। মাত্র তিন ভোটে সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে পরাজিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি পেয়েছেন ৪৮১ ভোট। লুৎফর রহমানের পেয়েছেন ৪৮৪ ভোট।

নীল দল থেকে যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ ৭৪৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া ১০টি সদস্যপদে নীল দল থেকে মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৭১), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান (৭৬৩), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন (৮০৪), সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা (৭০৩), চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন (৭৫৫), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮১৬), রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ (৯৩৭), ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী (৮৩০), অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান (৯১০) এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর (৭৭৬)।