বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন সাতজন
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আসাদুজ্জামান নূর, আলী যাকেরসহ সাত বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়েছে।
শনিবার একাডেমির ৪২তম বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের ফেলোদের হাতে সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত পাঁচটি পুরস্কার বিতরণ করা হয়।
যারা বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেয়েছেন তারা হলেন- সৈয়দ আনোয়ার হোসেন (শিক্ষা ও গবেষণা), শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (প্রকৌশল), জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক (চিকিৎসা সেবা), কুমুদিনী হাজং (সমাজসেবা), কাঙ্গালিনী সুফিয়া (সংগীত), আলী যাকের (সংস্কৃতি) এবং আসাদুজ্জামান নূর (সংস্কৃতি)।
একই আয়োজনে প্রাবন্ধিক গবেষক ফরহাদ খান পেয়েছেন সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার; কবি মহাদেব সাহা পেয়েছেন মযহারুল ইসলাম কবিতা পুরস্কার; কথাসাহিত্যিক পাপড়ি রহমান পেয়েছেন সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার; অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য পেয়েছেন মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার এবং মোকারম হোসেন ‘নিসর্গ আখ্যান’-গ্রন্থের জন্য পান হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার।
ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, কুমুদিনী হাজং, কাঙ্গালিনী সুফিয়া এবং আলী যাকেরের অনুপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা ফেলোশিপ গ্রহণ করেন। কবি মহাদেব সাহার অনুপস্থিতিতে তার প্রতিনিধি পুরস্কার গ্রহণ করেন।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সকাল ৯টায় বার্ষিক সভার কার্যক্রম শুরু হয়। বাংলা একাডেমির ফেলো, আজীবন সদস্য, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন।
