সুবর্ণ জয়ন্তীতে তিতুমীর কলেজে নবীন-প্রবীণদের মিলনমেলা
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকার সরকারি তিতুমীর কলেজের পঞ্চাশ বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে শনিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায়।
বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
উদ্বোধনী পর্বে পঞ্চাশ বছর পূর্তি উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান কলেজের সাবেক শিক্ষার্থী ও বতর্মানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
“একটা মাত্র ভবন ছিল সেটাও গোডাউনের মতো। সেগুলো পরিষ্কার করে ক্লাস করার উপযোগী করে তোলা… সেই কলেজ। ৭৩ সালে আমি যখন ফাইনাল ইয়ারে তখন পাঁচশ বা সাড়ে পাঁচশর মতো ছাত্র। সেই কলেজ আজ কত এগিয়ে গেছে। অনেক কীর্তিমান এই কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছে।
নতুন প্রজন্মকে মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, সুন্দর বাড়ি-গাড়ি, কোটি কোটি টাকা আর বড় পদ পাওয়ার নাম রাজনীতি নয়।
অনুষ্ঠানে কলেজের পরিসর বাড়াতে কিছু জমির ব্যবস্থা নিতে পূর্তমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। বিষয়টি বিবেকচনার আশ্বাস দেন মন্ত্রী শ ম রেজাউল করিম।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বক্তব্য রাখেন।
