বড় দিনে মানুষে-মানুষে সম্প্রীতির আহ্বান
মানুষে-মানুষে সম্প্রীতি আরও দৃঢ় করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে।
বড় দিন উপলক্ষে ঢাকার গির্জাগুলো সেজে উঠেছে নানা রঙে। উৎসব আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আর কোড়াইয়া।
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে বলা হয়েছে, খ্রিস্ট ধর্ম প্রচারক যিশু খ্রিস্টের জন্মকাহিনি বড়দিনের উৎসবের মূলভিত্তি। ২৫ ডিসেম্বর তারিখে বেথেলহেম শহরে কোনো এক আস্তাবলে কুমারী মাতা মেরি যিশুর জন্ম দেন।
বড় দিন উপলক্ষে রাজধানীর চার্চগুলো বুধবার সকাল থেকেই মুখর হবে নানা আয়োজনে। বড় দিনের বিশেষ প্রার্থনা, ক্যারোল গান আর নানা বয়সী মানুষের মিলনমেলায় মুখরিত হবে চার্চগুলো।
বড় দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও আলাদা বাণীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ‘খুবই প্রাসঙ্গিক’ বলে মনে করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বড়দিন উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, যিশু খ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানিয়ে মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দিয়েছেন।
“জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি।”
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।”
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ‘নিরাপদ আবাসভূমি’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার -এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের।”
বড় দিন উপলক্ষে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তার সুমহান বাণী প্রচার করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।”
বড় দিন উপলক্ষে শুভেচ্ছা বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সৃষ্টির দেশ। এখনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায় একই সূতোয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ। দেশের উন্নয়ন, সম্বৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাই একসাথে কাজ করছেন।”
অন্যায়-অবিচার, হিংসা-দ্বেষ, নির্যাতন-নিপীড়ন, দারিদ্রতা, সন্ত্রাস ও ধর্মান্ধতায় মুক্তিকামী মানুষ যখন শৃঙ্খলাবদ্ধ, তখন তাদের কাছে যিশু খ্রিস্ট মুক্তিদাতা হয়ে আসবেন বলে মন্তব্য করেছেন আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।
তিনি বলেন, “যাবপাত্রে শায়িত শিশু যীশু দু হাত বাড়িয়ে আমাদের আহ্বান করেন যেন আমরা পরমেশ্বরের ভালোবাসা ও মুক্তির পরিকল্পনা গ্রহণ করি এবং তার চরণে প্রণাম জানিয়ে আত্মসমর্পন করি এবং তাকে বিশ্বাস করি যে তিনি মুক্তিদাতা। এই বিশ্বাস আমাদের মুক্তি দেবে; দয়া, ভালোবাসা ও সেবায় এ বিশ্বাস প্রকাশ পাবে।”
