ঢাকা সিটি ভোটের আগে ঋণ খেলাপিদের তথ্য চেয়েছে ইসি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ খেলাপিদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলামকে এ চিঠি পাঠান।
ঋণ খেলাপিরা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হন। গত ঢাকা সিটি নির্বাচনে ঋণ খেলাপিদের নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এবারে আগেভাগেই এই তথ্য সংগ্রহ করছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সময় ঋণখেলাপি শনাক্ত করার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে সহযোগিতা করা ও খেলাপিদের তালিকা প্রস্তত রাখতে এই চিঠি দেওয়া হয়েছে।
দুই কর্মকর্তা বদলি
ঢাকার সিটি নির্বাচনের তফসিল হওয়ার পর ঢাকা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে রদবদল করেছে ইসি সচিবালয়।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। সোমবার এক প্রজ্ঞাপনে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) জি এম সাহাতাব উদ্দিনকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে ইসির উপসচিব সরকার আশরাফুল আলমকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
পাঁচ কমিশনারের অনুমোদন ছাড়াই এ দুটি পদে বদলি নিয়ে ইসিতে চলছে আলোচনা- সমালোচনা।
মঙ্গলবার সিইসির সঙ্গে বৈঠক করেছেন চার নির্বাচন কমিশনার। তবে বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
এদিকে ঢাকার দুই সিটি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে বুধবার। বৃহস্পতিবারও চলবে এই প্রশিক্ষণ।
এ প্রশিক্ষণে অংশ নেবেন রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তারা।
প্রশিক্ষণে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বিশেষ অতিথি থাকবেন চার নির্বাচন কমিশনার।
