যত্রতত্র ময়লা ফেলে নির্লজ্জরা: মেয়র আতিক
যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণকারীদের নির্লজ্জ বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সারা দেশ থেকে কুড়িয়ে আনা ৩০ লাখ পরিত্যক্ত বোতল নিয়ে আয়োজিত এক ব্যতিক্রমী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি আক্ষেপ করে বলেন, বিদেশে সবাই ময়লা নির্দিষ্ট স্থানে ফেলেন। কিন্তু দেশে যেখানে-সেখানে ময়লা ফেলে দেশকে অপরিচ্ছন্ন করেন।
“আমরা যারা দামী দামী গাড়িতে চড়ি তারাই আবার গাড়ির গ্লাস খুলে রাস্তায় বোতল, টিস্যু, প্যাকেট, পলিথিন ফেলি শহরকে ডাস্টবিন মনে করে, আর এর মাশুল দিত হয় গোটা নগরবাসীকে।
“যে দেশের ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, যে মাটিতে মুক্তিযুদ্ধের শহীদেরা ঘুমিয়ে আছেন, যে মাটিতে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন, সেই মাটিতে ময়লা ফেলা নির্লজ্জ বলেই সম্ভব। আমরা তাদেরকে ধিক্কার জানাই।”
প্লাস্টিক বর্জ্যর ভয়াবহতা তুলে ধরে মেয়র বলেন, একটি প্লাস্টিক বোতল মাটিতে মিশে যেতে প্রায় ৪৫০ বছর লাগে। এখন পৃথিবীতে প্রায় ৯ দশমিক ৬ বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে, যার মাত্র ১০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য।
ঢাকা শহরে দৈনিক সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে বলে জানান আতিকুল ইসলাম। তাই এখনই সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিডিক্লিন-এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, কাউন্সিলর মো. নাছির, দেওয়ান মান্নান।
