‘টাকার জন্য গাউজিয়ানকে হত্যা করে মাটিচাপা দেন দুই নিরাপত্তারক্ষী’
রাজধানীর বনানীর বাড়িতে চীনা নাগরিক গাউজিয়ান হুইকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাড়িটির দুই নিরাপত্তারক্ষী।
সোমবার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা বলেছেন, গাউজিয়ানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতেই তারা তাকে শ্বাসরোধে হত্যার পর ওই ভবনের খালি জায়গায় মাটিচাপা দেন।
পরে মাটিচাপা দেয়া মরদেহের পায়ের তালু দেখতে পেয়ে চীনা নাগরিকের গাড়িচালক পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে।
সোমবার ঢাকার দুইজন মহানগর হাকিমের খাস কামরায় জবানবন্দি দেন আব্দুর রউফ ও এনামুল হক।
রউফের জবানবন্দি রেকর্ড করেন মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এবং এনামুল হকের জবানবন্দি রেকর্ড করেন আরেক মহানগর হাকিম মোহাম্মদ জসিম।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা গেছে, রউফ এবং এনামুল জবানবন্দিতে বলেছেন, তারা ছিলেন বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর ভবনের নিরাপত্তারক্ষী। প্রায়ই তারা দেখতেন, গাউজিয়ান তার হাতব্যাগ থেকে গাড়িচালকসহ বিভিন্ন লোককে অনেক সময় টাকা দিতেন। তার ব্যাগে অনেক টাকা থাকত। এই দুই নিরাপত্তা কর্মী ছয় হাজার ২০০ টাকা করে মাসিক বেতন পেতেন।
গত ১১ ডিসেম্বর বনানীর ওই ভবনের পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা গাউজিয়ানের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
৪৭ বছর বয়সী গাউজিয়ান হুই দশ তলা ওই ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। গাউজিয়ান মূলত একজন পাথর ব্যবসায়ী। পায়রা বন্দর ও পদ্মা সেতু নির্মাণ কাজে পাথর সরবরাহের কাজেও যুক্ত ছিলেন তিনি। এসব ব্যবসায় কয়েকজন বাংলাদেশি ও চীনা অংশীদার ছিল।
গাউজিয়ানের লাশ উদ্ধারের পর তার বন্ধু জাঙ শান-হং ওইদিন রাতে বনানী থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই সময় চীনা এই নাগরিকের গাড়ি চালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এরপর ১৭ ডিসেম্বর গুলশান থেকে রউফ ও এনামুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন দুজনকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।
