২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন ‘ডাকাত’ গ্রেপ্তার

লুট করা চার লাখ টাকাসহ রাজধানীতে তিন ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 04:35 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

গ্রেপ্তাররা হলেন- আরফান সরকার (৪০), খোকন চন্দ্র ধর (৪৫) ও আলমগীর (৪০)।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূর আলম বলেন, শুক্রবার রাতে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
“তাদের কাছ থেকে গত ১৮ ডিসেম্বর ডাকাতি করা চার লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা নূর আলম বলেন, ১৮ ডিসেম্বর বিকালে প্রসন্ন পোদ্দার লেনে ফল ব্যবসায়ী মো. ওয়াহেদের দুই কর্মচারী ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে মারধর ও চোখে গুল দিয়ে ৩১ লাখ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
ওই ঘটনায় কোতয়ালী থানায় ব্যবসায়ী ওয়াহেদ মামলা করেছিলেন।

“ওইদিন ইমতিয়াজ ও সাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংক থেকে ২৭ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন এবং মালিকের বাদামতলীর ফলের আড়ৎ থেকে আরো তিন লাখ ৯৬ হাজার টাকা নিয়ে হেঁটে ওয়ারীর দিকে যাচ্ছিলেন। পথে ডাকাতদল তাদেরকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।”

কোতয়ালী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এই ডাকাত দলে ছয়জন রয়েছে।
“ডাকাতির ঘটনায় দোকান কর্মচারী ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকেও রাখা হয়েছে সন্হেদের তালকায়। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানান ওসি মিজান।