৬০ কোটি টাকার খবর প্রত্যাহার ও ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা: মন্ত্রী মোজাম্মেল
রাজাকারের তালিকা প্রণয়নে ‘৬০ কোটি টাকা খরচ হয়েছে’ বলে খবর প্রকাশকারী সংবাদমাধ্যমগুলোকে ওই প্রতিবেদন প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
২৫ ডিসেম্বরের মধ্যে এসব পদক্ষেপ না নিলে ওই সব সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
বিজয় দিবসের আগের দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন ‘স্বাধীনতাবিরোধীর’ তালিকা প্রকাশ করে। সেখানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নাম আসায় ক্ষোভ-সন্দেহের মধ্যে বুধবার তালিকাটি স্থগিত করা হয়।
ওই তালিকা তৈরিতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে বলে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)
“মন্ত্রী জানিয়েছেন, এ তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়াও হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।”
এ ধরনের ‘অসত্য’ সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন মন্ত্রী।
“এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫/১২/২০১৯ তারিখের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তার/তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।”
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই খবরের প্রতিবাদ জানিয়েছে।
ওই খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য’ আখ্যা দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রায় শত সাংবাদিক উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সংবাদ সম্মেলনটি সরকারিভাবে সংরক্ষিত আছে।
“ব্রিফিংকালে রাজাকারদের তালিকা তৈরির ব্যয় বিষয়ে মন্ত্রী কোনো কিছুই বলেননি। কোন কোন গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের খবর প্রচার হয়েছে, যা অনভিপ্রেত।”
এ ধরনের ‘অসত্য’ সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সশ্লিষ্টদের অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
