২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলর মঞ্জু ও গাড়িচালকের মাদকের অভিযোগপত্র আদালতে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু ও তার গাড়িচালক সাজ্জাত হোসেনের বিরুদ্ধে মাদকের মামলায় অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 10:28 PM

Updated : 08 Apr 2022, 05:12 PM

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এএসআই বদরুল আলম দেওয়া অভিযোগপত্র বুধবার ঢাকার মহানগর হাকিম কনক বড়ুয়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠিয়েছেন।

মুখ্য মহানগর হাকিম মামলার নথি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেবেন বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ জানিয়েছে।

গত ৩১ অক্টোবর রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয় থেকে কাউন্সিলর মঞ্জুকে আটক করে র‌্যাব। মঞ্জুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ আছে।

ওই দিনই মঞ্জুর বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেন র‌্যাব-৩ এর ডিএডি ইব্রাহিম হোসেন। মাদক মামলায় মঞ্জুর পাশাপাশি তার গাড়ি চালক সাজ্জাত হোসেনকেও আসামি করা হয়।

পরদিন আদালত অস্ত্র ও মাদক মামলায় কাউন্সিলর মঞ্জুর পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাদক মামলায় সাজ্জাতের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তারা কারাগারেই আছেন।

এদিকে মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাহাব উদ্দিন আজাদ গত ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেছেন।

পুরনো খবর:

মঞ্জু কোনোদিন পিস্তল ‘দেখেননি’, মাদক- চাঁদাবাজিও ‘ঘৃণা করেন’