মানুষে-মানুষে সম্পর্কই ভারত-বাংলাদেশের ‘সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তি’
বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পারস্পরিক সম্পর্কই দুই দেশের ‘সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তি’ বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।
মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশনের ২৮ দিনব্যাপী ‘ব্রেকিং গ্রাউন্ড: আধুনিক চিত্রকলার উত্তরণ’ শীর্ষক এক দলীয় চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করে তিনি একথা বলেন।
রিভা গাঙ্গুলী দাস বলেন, “দুই দেশের মধ্যে কালচারাল কনটেক্সট, কালচারাল রিলেশনশিপটা আসলে পিপল টু পিপল রিলেশনশিপ। ওটা একটা খুব ইমপর্টেন্ট ফাউন্ডেশন আমাদের রিলেশনশিপে।”
চিত্রকলা প্রদর্শনীগুলোতে ভারতীয় অতিথিদের আমন্ত্রণ জানানো হলে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ে বলে মন্তব্য করেন তিনি।
১৯৯৯ থেকে ২০০২ সময়কালে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখায় দায়িত্ব পালন করেছিলেন রিভা গাঙ্গুলী দাস।
ওই সময় ভারত ভাগের উপরে ‘ফোরটি সেভেন অনওয়ার্ডস’ নামে একটি চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছিলেন তিনি।
সেই ঘটনার স্মৃতিচারণ করে রিভা গাঙ্গুলি বলেন, “আমি কুড়ি বছর আগে এখানে পোস্টে ছিলাম। ধারণা করছি, আমরা প্রথম উদ্যোগ নিয়েছিলাম। বাংলাদেশের আর্টের উপরে তিনটি ভাগে প্রদর্শনী করেছিলাম। একটা স্পেশাল এক্সিবিশন হয়েছিল, আমি নিজেই গিয়ে চট্টগ্রাম থেকে অনেক আর্ট নিয়ে এসেছিলাম। এখন তো আমাদের আর তেমন বড় গ্যালারি নেই।”
সম্প্রতি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মশতবার্ষিকীতে ভারতীয় হাই কমিশন সিলেটে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিল্পীদের নিয়ে ‘গান্ধী অ্যাট ওয়ান ফিফটি’ প্রতিপাদ্যে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করেছিল।
সেই আর্ট ক্যাম্পের ছবিগুলো নিয়ে শিল্পকলা একাডেমিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান রিভা।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে আমিনুল ইসলাম, গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, কাজী আবদুল বাসেত, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, কামরুল হাসান, রামকিঙ্কর বেইজ, রশিদ চৌধুরী, সফিউদ্দীন আহমেদ, এস এম সুলতান, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ আরও অনেক শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম।
প্রদর্শনী নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, “ত্রিশ-চল্লিশের দশকে ও পরবর্তীকালে এ অঞ্চলে আধুনিক চিত্রভাষার নির্ণায়ক ও অনুসারীদের একাংশের কাজ ও তাদের বৃহত্তর শিল্পভুবনের কিছু ইঙ্গিত উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এখানে।”
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অবিভক্ত বাংলায়, পাশ্চাত্যের শিল্পভাবনার প্রভাবে এবং রাজদরবারে লালিত চর্চা ও লোকঐতিহ্যের রসদে জারিত হয়ে এক আধুনিক শিল্প-চেতনা বিকাশোন্মুখ হয়ে ওঠে।
নবীনদের মধ্যে পরিলক্ষিত হয় ঐতিহ্যের অন্বেষা ও লোকশিল্পের নানা আঙ্গিক পর্যবেক্ষণের নতুন তাগিদ। এই জিজ্ঞাসার মধ্যেই নিহিত ছিল ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এক নতুন শিল্পবোধ নির্মাণের প্রয়াস।
বহু ক্ষেত্রেই এই নবীন চিত্রভাষায় উঠে এসেছে গ্রামীণ জীবনগাথা, নদী-নিসর্গের প্রতিচ্ছবি, গণজীবন ও প্রকৃতি-ঘনিষ্ঠতায় প্রোথিত হয়ে।
লুভা নাহিদ বলেন, “অবয়ব ও চিত্রশৈলীর প্রকরণ নির্মাণে জড়, কৌণিক ও কঠোর জ্যামিতিক আকার-আকৃতির চেয়ে সাবলীল ও নমনীয় রূপরেখাই শিল্পীদের কাছে শ্রেয় হয়ে উঠেছিল। রেখা ও আকৃতি নিষ্পন্ন হয়েছিল সহজাত এক প্রকাশভঙ্গিতে। এমন সব ছবি ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে।”
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রোববার ব্যতিত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের দুয়ার।
