অভিবাসন সেবা সপ্তাহ পালন করবে ব্র্যাক
আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপন উপলক্ষে ‘অভিবাসন সেবা সপ্তাহ’ পালন করবে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক।
১৮ থেকে ২৪ ডিসেম্বর জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান ও অভিবাসন বিষয়ক বিভিন্ন সেবার মধ্য দিয়ে এ সেবা সপ্তাহ পালন করা হবে বলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেবা সপ্তাহে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন করতে বিভিন্ন তথ্যসেবা প্রদান এবং বিদেশ-ফেরত অভিবাসী কর্মীদের সামাজিক, ও অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হবে।
পাশাপাশি অভিবাসন সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সেবা সম্পর্কেও জনগণকে সচেতন করা হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ১৮ ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করে। ২০০০ সাল থেকে দিবসটি পালন করছে জাতিসংঘ।
১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে যাত্রা শুরু করা ব্র্যাক এখন বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা, যা পরপর চারবার বিশ্বসেরা সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাক বিশ্বের ১১টি দেশে কাজ করছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির রয়েছে, বুধবার জাতীয়ভাবে উদযাপিত আন্তর্জাতিক অভিবাসন দিবসে র্যালিসহ জেলা ও উপজেলা পর্যায়ের র্যালিতে অংশগ্রহন। একই দিনে দেশের অভিবাসনপ্রবণ ১০টি জেলায় আয়োজন করা হবে অভিবাসন মেলা।
দিনব্যাপী এই মেলায় অভিবাসন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় পর্যায়ের সমমনা এনজিও, সেবাগ্রহীতা, বিদেশ ফেরত অভিবাসীসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
১৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে উদযাপিত অনুষ্ঠানে অংশ নেবে ব্র্যাক। অনুষ্ঠানে অভিবাসন বিষয়ে নানা সেবা প্রদানের জন্য ব্র্যাকের পক্ষ থেকে দুটি স্টল স্থাপন করা হবে।
এছাড়া ২০, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর দেশের ১০টি জেলার ৬০টি উপজেলায় নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের ওপর জনসচেতনামূলক গণনাটক, পট গান, ভিডিও শো প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সব কর্মসূচির পাশাপাশি সেবা সপ্তাহে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিবাসীদের নানা ধরনের জরুরি সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
