২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কত বিদেশি বাংলাদেশে কীভাবে কাজ করছে, জানতে চায় হাই কোর্ট

দেশে কতজন বিদেশি কাজ করছেন অথবা ব্যবসা করছেন, তাদের মধ্যে কতজনের ওয়ার্ক পারমিট আছে, কতজন কত টাকা বেতন নিচ্ছেন বা ব্যবসা করে আয় করছেন, তাদের কতজন আয়কর দিচ্ছেন, এসব তথ্য জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 09:54 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এনজিও ব্যুরো ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) আগামী ৬০ দিনের মধ্যে এই প্রতিবেদন দিতে হবে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেয়।

দেশে বিদেশিদের কাজ করার ক্ষেত্রে আইন অনুযায়ী ওয়ার্ক পারমিট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ওয়ার্ক পারমিট ছাড়া যেসব বিদেশি কাজ করছেন তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আগামি চার সপ্তাহের মধ্যে বিডা, এনজিও ব্যুরো ও বেপজাসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দেশে ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি নাগরিকদের কাজ ও ব্যবসা পরিচালনার ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের ‘নিষ্ক্রিয়তা’ চ্যালেঞ্জ গত ১২ ডিসেম্বর এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর নাহিদ।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অনীক আর হক পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডার একটি প্রতিবেদন অনুযায়ী দেশে মোট ৫ লাখ বিদেশির মধ্যে মাত্র ৭০ হাজার নিবন্ধন নিয়ে অর্থাৎ ওয়ার্ক পারমিট নিজে কাজ করছেন অথবা ব্যবসা পরিচালনা করছেন। বাকি সবই অনিবন্ধিত। ওই রিপোর্ট যুক্ত করেই রিট আবেদন করা হয়েছে।

“বিদেশি নাগরিকদের কীভাবে ওয়ার্ক পারমিট দেওয়া হবে তা নিয়ে ২০১১ সালে প্রণীত বিডার একটি কর্মপদ্ধতি আছে। এনজিও ব্যুরোর নিজেদের একটা রয়েছে, বেপজারও একটা কর্মপদ্ধতি আছে। এ কারণেই তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে।”

গত ১৯ অক্টোবর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের একটি মতামত ছাপে দৈনিক প্রথম আলো।

সেখানে তিনি লেখেন, একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুসারে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন। খবরটির উৎস প্রধাণত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এ সংস্থা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও শিল্প বণিক সমিতি বরাবর একটি চিঠি পাঠায়। সেখানে বলা হয়, যে কোনো বিদেশি বাংলাদেশে কাজ করতে চাইলে ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক। কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন বেসরকারি, এমনকি কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম মানা হচ্ছে না।

“অনুসন্ধানী প্রতিবেদনে লক্ষণীয় হয় যে, এ ধরনের প্রায় ৫ লাখ বিদেশি বাংলাদেশে কাজ করছেন। অথচ বিডা থেকে অনুমতি দেওয়া হয়েছে ১ লাখ। তাদের আয়ের ওপর সরকার যথাযথভাবে করও পাচ্ছে না। কাউকে বেতন দেওয়া হচ্ছে বিদেশে। আবার এ দেশেও অনেককে ডলারে বেতন দেওয়া হয়। অথচ আয়কর বিবরণীতে তারা এটা টাকার অংকে দেখান। আর নিবন্ধনহীনরা তো কিছুই দেখান না।

“আরও বিস্ময়কর তথ্য পাওয়া যায় যে সরকারের বেশ কিছু উন্নয়ন প্রকল্পে বিদেশি কর্মী নিয়োগে অনেক ক্ষেত্রে বিডা থেকে অনুমতি নেওয়া হয় না। এভাবে এ দেশে কাজ করছেন ভারত, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, যুক্তরাজ্য ও জার্মানির লোকেরা।”