সাবেক এমপি আনোয়ারুল ও দুই স্ত্রীকে দুদকের নোটিস
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ-১) এ বি এম আনোয়ারুল হক ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিসে আগামী ২১ কাযদিবসের মধ্যে তাদেরকে স্ম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আনোয়ারুল হকের দুই স্ত্রী হলেন- মাহমুদা হক ও সুলেখা বেগম। পৃথক নোটিসে তাদের সম্পদের হিসেব চাওয়া হয়েছে।
সাবেক সাংসদ আনোয়ারুল হককে পাঠানো নোটিসে বলা হয়, “দুদকের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে স্থির বিশ্বাস জন্মেছে, আপনি জনাব এবিএম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ-১, জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।”
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে পাঠানো নোটিসে আরও বলা হয়, “আপনি এবিএম আনোয়ারুল হক আপনার নিজের, আপনার নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অবস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করতে নির্দেশ দেওয়া যাচ্ছে।”
নোটিসের সাথে সম্পদ বিবরণী দাখিলের ফরম যুক্ত করা হয়েছে উল্লেখ করে নোটিসে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারায় ব্যবস্থা নেওয়া হবে।
তার দুই স্ত্রীকে পাঠানো নোটিসেও একই সময়ে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়।
