২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদলের আসনে উপ-নির্বাচন ১৩ জানুয়ারি

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে উপ নির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2019, 04:19 PM

Updated : 18 Aug 2022, 06:11 PM

রোববার বিকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন।

আগ্রহী প্রার্থীরা ১২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

সাংসদ মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারের সাংসদ বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

ইসি সচিব জানান, বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনও একই সময়সূচি অনুযায়ী হবে। ওই দুই নির্বাচনেও ভোট হবে ইভিএমে।

ভোট তথ্য

চট্টগ্রাম-৮ সীমানা:  শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ছাড়া বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড।

ভোটার: ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৩১ হাজার ৯২২ জন ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

রিটার্নিং কর্মকর্তা: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম; সহকারী রিটার্নিং কর্মকর্তা- চট্টগ্রাম ও রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।