হাই কোর্টের আদেশ স্থগিত, প্রার্থী হতে পারছেন ‘নদী দখলকারী’ খালেক
বাঁকখালী নদী দখলকারী হিসেবে জাতীয় নদী রক্ষা কমিশনসহ স্থানীয় প্রশাসনের তিনটি তালিকায় নাম আসা আবদুল খালেককে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
এর ফলে নদী দখলকারী খালেকের কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হতে আর বাধা থাকছে না বলে তার আইনজীবী শেখ মো. মোরশেদ জানিয়েছেন।
আগামী ১২ ডিসেম্বর শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আবদুল খালেকের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত বৃহস্পতিবার এ আদেশ দেয়।
চেম্বার আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন জগলুল হায়দার আফ্রিক।
আইনজীবী শেখ মো. মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট নদী সংক্রান্ত যে রায় দিয়েছিল, সে রায়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন আইনটি (গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ) এখনও সংশোধন করা হয়নি।
“রায়ের নির্দেশনা কার্যকর করবে সংসদ। তার জন্য সংশ্লিষ্ট সবগুলো আইন সংশোধন করতে হবে। সংসদ নির্বাচন, উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে অযোগ্যতাগুলো আছে সেগুলোর সাথে নদী সংক্রান্ত রায়ের নির্দেশনাটাও যুক্ত করতে হবে। সেটা এখন পর্যন্ত হয়নি। এ যুক্তিতে চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছেন।”
অপরপক্ষের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক বলেন, “বলা হয়েছিল, নদী নিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে সে রায়টি আপিল বিভাগে কোনো এক পার্টি (পক্ষ) চ্যালেঞ্জ করেছেন এবং সেটাতে (নদী সংক্রান্ত হাই কোর্টের রায়ে) একটা স্থিতাবস্থা দেওয়া হয়েছে। পরে আমরা জানতে পারলাম, তুরাগ নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে আপিল বিভাগের স্থিতাবস্থার আদেশ রয়েছে। রায়ের নির্দেশনা বা রায়ের কার্যকারিতার উপর কোনো স্থিতাবস্থা নাই।
“ফলে এ আইনজীবী আদালতকে মিসলিড (বিভ্রান্ত) করে চেম্বার আদালত থেকে ৮ সপ্তাহের স্থগিতাদেশ নেওয়া হয়েছে। তাই এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।”
জাতীয় নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের তিনটি তালিকায় বাঁকখালী নদী দখলদারদের তালিকায় নাম আসে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেকের।
নদী দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক যুগান্তকারী রায় দেয় হাই কোর্ট। সে রায়ে দেশের সব নদীকে জীবন্ত সত্ত্বা ঘোষণা করা হয়।
পাশাপাশি নদ-নদীর সুরক্ষা ও সংরক্ষণে নদী রক্ষা কমিশনকে ‘আইনগত অভিভাবক’ ঘোষণা করা হয়।
সে রায়ের নির্দেশনায় বলা হয়, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদকে নিজের এলাকার নদ-নদী, খাল-বিল, জলাশয়ের অবৈধ দখলদারদের চিহ্নিত করে তাদের নামের তালিকা জনসম্মুখে ও পত্রিকায় প্রকাশ করতে হবে।
জাতীয় বা স্থানীয়- কোনো ধরনের নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
হাই কোর্টের সে নির্দেশনা অনুযায়ী সরকারের চিহ্নিত করা দখলদারদের একটি তালিকা দুই মাস আগে জাতীয় নদী রক্ষা কমিশন প্রকাশ করে। সে তালিকায় বাঁকখালী নদী দখলকারীদের মধ্যে রয়েছে আবদুল খালেকের নাম।
কিন্তু এ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা। তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলেও নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রাখে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত হাই কোর্টের রায়ের পরিপন্থি বলে আবদুল খালেকের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী নুরুল হক।
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি মইনুল ইসলাম ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
আদেশে আবদুল খালেককে নির্বাচন থেকে তিন মাস বিরত থাকতে নির্দেশ দেয় আদালত।
হাই কোর্টের এ আদেশটিই বৃহস্পতিবার চেম্বার আদালত আট সপ্তাহের জন্য স্থগিত করে দিল।
পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক রিট মামলায় গত ফেব্রুয়ারিতে নদী নিয়ে রায় দিয়েছিল হাই কোর্ট।
সে মামলায় রিটকারী পক্ষের আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদীর রায়ের পর নদী দখলের কারণে আদালতে কোনো প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়ার ঘটনা এটাই প্রথম।
“নদী দখলকারীরা যে নির্বাচনে অযোগ্য হবেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে রায় প্রকাশের ছয় মাসের মধ্যে একটি সার্কুলার জারির নির্দেশ দিয়েছিল আদালত।”
রায় প্রকাশের ছয় মাস পূর্ণ হতে এখনও কিছু দিন বাকি আছে বলে জানান এই আইনজীবী।
গত ১ জুলাই হাই কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়েছিল।
