প্রধানমন্ত্রীকে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্টের ফোন
প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা হেইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে হিল্ডা সি হেইনে প্রধানমন্ত্রীকে ফোন করলে দুই নেতা কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, হিল্ডা হেইনে বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ দেশটির একদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ এবং অপরদিকে ফিলিপিন্স।
