২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ অভিবাসনে জিসিএম বাস্তবায়নে জোর বিশেষজ্ঞদের

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি জিসিএম বাস্তবায়ন করতে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন অভিবাসন বিষেশজ্ঞরা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 07:13 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মাইগ্রেশন নেটওয়ার্ক আয়োজিত ‘সেনসিটাইজেশন ওয়ার্কশপ অন গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ শিরোনামের একটি কর্মশালার আলোচনায় বিষয়টি উঠে আসে।

বাংলাদেশে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের চিফ অব মিশন এবং বাংলাদেশে জাতিসংঘের মাইগ্রেশন নেটওয়ার্কের কো-অর্ডিনেটর গিওরগি গিগাউরি বলেন, “নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের সুবিধার্থে সকল স্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জিসিএম-এর উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে হবে। একই সাথে আন্তর্জাতিক এই চুক্তিতে যে নির্দেশন নীতি আছে সেগুলো আমাদের মানতে হবে।”

জিসিএম বাস্তবায়নের জন্য অভিবাসী, নাগরিক সমাজ, স্থানীয় কর্তৃপক্ষ, বেসরকারি খাত এবং অভিবাসন সম্পর্কিত প্রতিষ্ঠানের সহযোগিতা ও অংশীদারিত্ব প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, “জিসিএম আন্তর্জাতিক অভিবাসন উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দলিল। এই চুক্তির বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ দরকার।

“একইসাথে জিসিএম-এর মাধ্যমে যাতে মানব পাচার প্রতিরোধ ও অভিবাসীদের অধিকার রক্ষা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিবসান বিষয়ক সমস্যা সমাধানে সবাইকে জিসিএম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।”

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, “অভিবাসন বিষয়ক আলোচনায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যাযে সবসময় সরব থেকেছে। তবে অভিবাসন বিষয়ে এখনও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। বিশেষ করে সমন্বয়, সুশাসন ও জিসিএম বাস্তবায়নে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসন নিয়ে অনেক উদ্বেগ ও উত্তাপ আছে।

“আন্তর্জাতিক রাজনীতিতে অভিবাসন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু জিসিএম বাস্তবায়নে রাষ্ট্রগুলো সম্মত হয়েছে, তাই আমাদের সব পক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে আমরা নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে পারি।”

২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমবারের মত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানরা আন্তর্জাতিকভাবে অভিবাসন ও শরণার্থী বিষয় নিয়ে আলোচনায় বসেন। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ’নিউ ইয়র্ক ডিক্লারেশন ফর রিফিউজিস অ্যান্ড মাইগ্রেন্টস’ গ্রহণ করে।

১৯৩ টি সদস্য রাষ্ট্র অনুভব করে, বিশ্বব্যাপী মানুষের চলাফেরা এবং ক্রমবর্ধমান সহযোগিতার জন্য একটি ব্যাপক উদ্যোগ ও কাঠামো প্রয়োজন। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রের সার্বভৌমত্ব, দায়িত্ব-বন্টন, বৈষম্যহীনতা, এবং মানবাধিকারের মানদন্ডের উপর ভিত্তি করে ২০১৮ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি (জিসিএম) স্বাক্ষরিত হয়।

জিসিএম চুক্তিতে বলা হয়েছে, অভিবাসনের সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলা ও সুবিধা বড়ানোর জন্য একটি সহযোগিতামূলক মানসিকতা প্রয়োজন, যা একজন ব্যক্তির অভিবাসন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে।

একইসঙ্গে চুক্তিটি কোনো একটি অভিবাসী গোষ্ঠীর নিজ দেশ, যে দেশ দিয়ে যাচ্ছেন ও যেখানে যাচ্ছেন তার সামগ্রিক উন্নয়নে কাজ করবে।  জিসিএম চুক্তির ২৩টি লক্ষ্য রয়েছে।

আইওএম বলছে, বৈশ্বিক এই চুক্তির বাস্তবায়ন এবং পরবর্তীতে করণীয় বিষয় নিয়ে সরকারের বিভিন্ন বিভাগ এবং প্রতিষ্ঠানের বিস্তারিত ধারণা থাকা দরকার। এই পটভূমিতে আয়োজন করা হয় মঙ্গলবারের কর্মশালা।

আইওএমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালায় জিসিএম নিয়ে সবশেষ পরিস্থিতি, বিষয়টি নিয়ে সামাজীকিকরণ বৃদ্ধি এবং বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধি, বাংলাদেশে জাতিসংঘের মাইগ্রেশন নেটওয়ার্কের সদস্য, উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন।

জিসিএম সম্পর্কে সম্যক ধারণা তৈরি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর বস্তবায়নে উদ্যোগ, পরবর্তীতে করণীয় এবং ভবিষ্যৎ পর্যালোচনা পদ্ধতি কী হবে এবং বিশ্বব্যাপী জিসিএমের সমন্বয় পদ্ধতি কী হবে তা নিয়ে আলোচনা হয় এই কর্মশালায়।

এছাড়া বাংলাদেশে জাতিসংঘ অভিবাসী নেটওয়ার্কের অধীনে মানব পাচার রোধে একটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের পথচলা শুরু হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।