কমিশন গঠনের দাবি ৭ নভেম্বর নিহতদের স্বজনদের
পঁচাত্তরের ১৫ অগাস্ট ট্রাজেডির পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ৭ নভেম্বর যে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা নিহত হয়েছিলেন, সেই ঘটনার বিচারে একটি কমিশন গঠনের দাবি তুলেছেন তাদের স্বজনরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবসের’ আলোচনায় এই দাবি তোলেন নিহত খালেদ মোশাররফের মেয়ে মাহজাবীন খালেদ এবং খন্দকার নাজমুল হুদার মেয়ে নাহিদ হুদা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঘটনাবহুল দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর। বিএনপি এদিন ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে, জাসদ পালন করে ‘সিপাহী জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে, আওয়ামী লীগ সমর্থকরা দিনটি পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে।
পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ক্ষমতায় বসেন খন্দকার মোশতাক আহমেদ, তিনি সেনাপ্রধান করেন জিয়াউর রহমানকে। তখন সেনাবাহিনীতে অস্থিরতা চলছিল।
৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারের জাতীয় চার নেতাকে হত্যার পর এক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে সরিয়ে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। এরপর ৭ নভেম্বর আবু তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে জিয়া মুক্ত হন এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেদিন হত্যা করা হয় মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ, এ টি এম হায়দার, নাজমুল হুদাকে।
জিয়া পরে রাষ্ট্র ক্ষমতা দখল করেন, অন্যদিকে সামরিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলান তাহেরকে।
মাহজাবীন ও নাহিদ হুদা মনে করেন, মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ আনা হয়েছিল তখন, কমিশন গঠনের মাধ্যমে সেই বদনাম মুছে ফেলা সম্ভব।
মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবীন বলেন, “ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে সেদিনের খুনিদের বিচার করতে হবে। কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তা খুঁজে বের করতে হবে। মুক্তিযোদ্ধাদের নামে এত দিন যে অপপ্রচার ও অপবাদ, তা মুছে ফেলা সম্ভব হবে তবেই।”
সেদিন জাসদ, গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার ভূমিকা কী ছিল, তা কমিশনের মাধ্যমেই বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
তাহেরের দল জাসদ বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক জোটে রয়েছে, তারা সরকারেরও অংশীদার ছিল।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহজাবীন বলেন, “তাদের বিচার হবে কি না জানি না, তবে তাদের ষড়যন্ত্র তো দেশের মানুষ জানবে।”
মুক্তিযুদ্ধের ৮ নম্বর সাব সেক্টর কমান্ডার নাজমুল হুদার মেয়ে নাহিদ বলেন, “মার (নীলুফার হুদা) কাছ থেকে শোনা, বাবার লাশ এনে রাখা হয়েছিল সিএমএইচে। মা বাবার লাশের উপর জাতীয় পতাকা চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান তা দেননি।”
সভায় শার্শা থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নুরুল আলম বলেন, “আমাদের দুঃখের বিষয়, এত বছর হয়ে গেল, অথচ সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হল না। বিচারের জন্য এই কমিশন গঠন করা হলে দেশ জানবে।”
মুক্তিযোদ্ধা সৈয়দ মহিউদ্দীন হায়দার বলেন, “দিনটিকে বিএনপি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এটা আসলে জাতীয় প্রতারণা দিবস। ওই সংহতি দিবসে জনগণের সম্পৃক্ততা ছিল বলে কোথাও কোনো রেফারেন্স পাওয়া যায় না।
“১৫ অগাস্ট, ৩ নভেম্বরে জেল হত্যা ও পরে ৭ নভেম্বরে মুক্তিযোদ্ধা হত্যা দিবস সবই ছিল পরিকল্পিত। বাহাত্তরে জাসদের প্রতিষ্ঠার পর থেকে এই ষড়যন্ত্র চলছিল, ১৫ অগাস্ট ছিল তার ফিনিশিং টাচ। জিয়াউর রহমান ছিলেন এর বেনিফিসিয়ারি।”
কমিশন গঠনের মাধ্যমে ওই ষড়যন্ত্রকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান সার্জেন্ট এনামুল হক; যিনি জিয়াউর রহমানের গোপন আদালতের বিচারে ১০ বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
