জি কে শামীম-খালেদ দুদকের জিজ্ঞাসাবাদে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীম ও যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়; খালেদ ভূঁইয়াকে প্রথম দিনের মতো আধাবেলা জিজ্ঞাসাবাদ করা হয়।
দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সন্ধ্যায় জি কে শামীমকে কমিশনের পাশের রমনা থানার হাজতখানায় রাখা হয়।
অন্যদিকে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে খালেদকে রাখা হয় শাহবাগ থানার হাজতখানায়।
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার খালেদকে সাত দিন জিজ্ঞাসাবাদের জন্য সোমবারই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়।
জি কে শামীমকে রোববার থেকে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। তাকেও সাত দিনের রিমান্ডে পেয়েছে দুদক।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বেপাঁচ সদস্যের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ খালেদ ও শামীমের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়।
এরপর ২৭ অক্টোবর দুদকের এক আবেদেনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন তাদেরকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর র্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদকে। এরপর যুবলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়।
তখন অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে খালেদের বিরুদ্ধে চারটি মামলা হয়। ওই মামলাগুলোতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে পাঠানো হয়েছিল কারাগারে।
খালেদের বিরুদ্ধে মামলাটি করেছেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। মামলায় তার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
অপরদিকে জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জি কে শামীমকে গ্রেপ্তার করা হয় ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। সেখান থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানায় র্যাব। তখন শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়।
শামীমের বিরুদ্ধেও মাদক, মুদ্রা পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে।
