২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুব দিবস’র এর স্লোগান এবার ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’

নানা কর্মসূচির মধ্য দিয়ে ১ নভেম্বর শুক্রবার পালিত হবে জাতীয় যুব দিবস; দিবসটির এবারের স্লোগান ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 08:37 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দিবসের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। প্রশিক্ষিত যুবক ও যুব নারীদের মধ্য হতে ২২ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার রয়েছে। এবাররের নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’।

“তাই যুব সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে বেকার যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, যুব ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন রাসেল।

“সে লক্ষ্যে অধিদপ্তরের কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে দেশে এবং বিদেশে যুবদের অধিকহারে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান যুববান্ধব সরকার বদ্ধপরিকর।”

তিনি জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর ২৭ লাখ ১৮ হাজার ৬৪৪ জনকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮২ হাজার ৪০ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। এ পর্যন্ত ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মোট ২ লাখ ২৮ হাজার ৭৩৭ জনকে প্রশিক্ষণ এবং ২ লাখ ২৬ হাজার ৪০২ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।