২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ওয়াসার কার্যক্রম সিটি করপোরেশনের হাতে

নারায়ণগঞ্জে ঢাকা ওয়াসার কার্যক্রম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 01:41 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান একটি সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত ওয়াসার মডস অঞ্চলের যন্ত্রপাতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের কাজ করবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, এর মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।
তিনি বলেন, “অনুষ্ঠানটি নারায়ণগঞ্জে হলে ভালো হত। কিন্তু নানা কারণে সেখানে করতে পারিনি। সেটা আপনারাও ভালোভাবে জানেন। বিস্তারিত বলতে চাই না।

“আমাদের হাতে আসার দুই মাসের মধ্যেই দেখবেন কয়েকটি পত্রিকায় নিউজ আসবে এখানে পানি নাই, সেখানে পানি নাই। দশ বারোটা ঝাড়ু মিছিল‌ও হবে। দিস ইজ দ্য পলিটিকস‌। বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি কারণ আপনাদের সহায়তা প্রয়োজন।”

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পানি সরবরাহের দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দেওয়ায় সেখানে গতিশীলতা আসবে।

“সেখানে ওয়াসার কার্যক্রম ভালোভাবে চলছে। কিন্তু এটা আরও ভালোভাবে হ‌ওয়া দরকার। এজন্যই তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হল।”

১৯৯০ সালের ১ জুলাই থেকে নারায়ণগঞ্জে ঢাকা ওয়াসা মডস জোন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে সেখানকার পানি সরবরাহ ব্যবস্থা ছিল নারায়ণগঞ্জ পৌরসভার হাতে।

বর্তমানে এই অঞ্চলে ওয়াসার ৩১টি নলকূপ, ৩২টি স্ট্রিট হাইড্রেন্ট, ৮টি ওভারহেড ট্যাংক রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ওয়াসার দুটি পানি শোধনাগারও রয়েছে, যেগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা পাঁচ কোটি ৭০ লাখ লিটার।
নারায়ণগঞ্জ মডস জোনের বর্তমান লোকবল ১৬০ জন। এসব কর্মী আগামী এক বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কাজ করবেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়াসার বকেয়া আদায় করে নিজস্ব তহবিলে জমা করতে পারবে।

ঢাকা ওয়াসার পানিবাহী গাড়ি আগামী এক বছর নিজেদের ব্যয়ে সিটি করপোরেশন ব্যবহার করতে পারবে।