২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে সিমবিহীন টেলিসেবার সফল পরীক্ষা

দুর্যোগের সময়ে সিম অকার্যকর হয়ে পড়লে কিংবা সিম না থাকলেও সাহায্য পেতে মোবাইল হ্যান্ডসেট থেকে যাতে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করা যায়, সেই ব্যবস্থা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 05:22 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

বাংলাদেশে প্রথমবারের মতো সিমবিহীন টেলিযোগাযোগ সেবার পরীক্ষা সম্পন্ন করে বিটিআরসি বুধবার জানিয়েছে, এই পরীক্ষায় সফল হয়েছেন তারা।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (মঙ্গলবার) বসুন্ধরা এলাকায় এ সেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।”

বেসিক বা স্মার্টফোনে দুর্যোগকালীন সময়ে এ সেবা পাওয়া যাবে বলে জানান তিনি।

“হ্যান্ডসেটে ইমার্জেন্সি কল ফিচার ব্যবহার করে এ সেবা নেওয়া যাবে শুধু দুর্যোগকালীন সময়ে।”

জাকির জানান, এখন থেকে দুর্যোগকালীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ সেবা চালু করার নির্দেশনা দেওয়া মাত্র বিটিআরসি তা চালু করা হবে।

তিনি বলেন, “মোবাইল অপারেটরদের কোর নেটওয়ার্কে এ সেবা চালু করার পরপরই সাধারণ গ্রাহকরা এ সেবা পাবে।”

এক বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার হেল্পলাইন ৯৯৯।

যে কোনো ফোন (মোবাইল বা ফিক্সড লাইন ফোন ) থেকে এই নম্বরে ফোন করলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পাওয়া যায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর পরীক্ষামূলকভাবে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে এই টেলিসেবাটি চালু করে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তা পরিচালিত হচ্ছে।

৯৯৯ নম্বরটি সম্পূর্ণ ‘টোল ফ্রি’। কোনো খরচ ছাড়াই নাগরিকরা এই জরুরি সেবা নিতে পারছেন।