ব্যক্তিগত গাড়ির তথ্যের জন্য ফের বিআরটিএকে দুদকের চিঠি
বিআরটিএ থেকে গত পাঁচ বছরে ২৫০০ সিসি বা তার বেশি ক্ষমতা সম্পন্ন যেসব ব্যক্তি মালিকানাধীন গাড়ির নিবন্ধন দেওয়া হয়েছে তার তথ্য চেয়ে ফের চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিআরটিএ চেয়ারম্যানের কাছে পাঠানো দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খানের সই করা চিঠিতে এসব গাড়ির তথ্য চাওয়া হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, “বিগত পাঁচ বছরে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ২৫০০ বা তদূর্ধ্ব অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জীপগাড়ীর তালিকা সংযুক্ত ছক মোতাবেক প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
চিঠির সাথে একটি ফরমও দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর দুদকের তৎকালীন মহাপরিচালক (বিশেষ তদন্ত) আ ন ম ফিরোজ এবং গত বছরের ২৮ জুন তৎকালীন মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী একই অনুরোধ করে বিআরটিএর চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন বলে প্রণব কুমার জানান।
তিনি বলেন, “এর আগে বিআরটিএকে দুইবার চিঠি দেওয়া হয়েছিল, ওই দুই চিঠির প্রেক্ষিতে তারা আংশিক তথ্য দিয়েছে। এবার আমরা আশা করব সম্পূর্ণ তথ্য তারা সরবরাহ করবে।”
