২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি: ঢাকায় ফিরতে হল বিমানের উড়োজাহাজকে

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটকে জরুরি অবতরণ করতে হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 04:28 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

বিমানের ড্যাশ-৮ মডেলটির উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর এটি সৈয়দপুর রওনা হয়েছিল। কিন্তু এটি মাঝ আকাশ থেকে ফিরে আসে।

তবে এটি নিরাপদে জরুরি অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বিজি ৪৯৩ ফ্লাইটটি সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছিল। হাইড্রোলিকে সমস্যা দেখা দিলে সেটি বেলা ১১টা ১১মিনিটে আবার শাহজালাল বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করে।”

বিমানের জনসংযোগ শাখার ব্যবস্থাপক তাসমিন আক্তার বলেন, উড়োজাহাজটিতে থাকা পাইলট ও ক্রুসহ ৬০ জন আরোহীর সবাই নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, বিজি ৪৯৩ ফ্লাইটের যাত্রীদের নিয়ে বেলা ১২টা ৪৩ মিনিটে বিমানের আরেকটি ড্যাশ-৮ উড়োজাহাজ সৈয়দপুর রওনা হয়। সেটি আবার ঢাকায়ও ফিরে এসেছে।

যে ড্যাশ-৮ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সেটি মেরামতের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তাসমিন।