২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুলিং’: ৮৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার স্কুলকে আইনি নোটিশ

ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে সহপাঠীদের ‘বুলিংয়ের’ শিকার (অসৌজন্য-অশালীন আচরণ, উপদ্রব, উৎপীড়ন) হয়ে এক শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিযোগ করে ৮৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ওই স্কুল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার অভিভাবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2019, 06:30 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম ওই ছাত্রীর বাবা-মার পক্ষে সোমবার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান।

নোটিশে সন্তানের ‘শারীরিক ও মানসিক ক্ষতির’ জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ৮৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী।

আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার হাসান এম এস আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করি, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় শিশুটি বুলিংয়ের শিকার হওয়ার জন্য দায়ী স্কুলের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে। পাশাপাশি বুলিং বন্ধের বিষয়ে গাইডলাইন চেয়ে হাই কোর্টে রিট করা হবে।”

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইএসডির পরিচালক টি জে কোবার্নের বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে বলে মেয়েটির মা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে বার বার অভিযোগ করার পরও স্কুলটির ‘হেড অব সেকানডরি’ ইলডিকো মুরে বুলিংয়ের শিকার শিশুটির সাহায্যে এগিয়ে না এসে বরং অপমানজনক আচরণের মাধ্যমে তাকে স্কুল থেকে ঝরে পড়া নিশ্চিত করেছেন।”

ওই শিক্ষার্থীকে ২০১৭ সালে এই স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করা হয় জানিয়ে তার মা বলেন, “দুই বছর ধরে সহপাঠীদের বুলিংয়ের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আমার মেয়ে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ করলেও ঘটনার প্রতিকার না করে বরং আমার মেয়েকেই দোষারোপ করেছে স্কুল কর্তৃপক্ষ।”

স্কুলে ভর্তির পর ওই বছরই অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মেয়েটিকেও থাইল্যান্ডে শিক্ষা সফরে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখান থেকেই শিশুটিকে তার সহপাঠীরা বুলিং করতে থাকে বলে অভিযোগ তার মায়ের।

“তারা আমার মেয়ের রং নিয়ে বিদ্রুপ করত, মা ফর্সা, মেয়ে কালো কেন? এমন প্রশ্ন করা হত। জন্মের পর হাসপাতাল থেকে আরেকজনের সন্তান পাল্টে গেছে, এমন মন্তব্য করে। এসব কারণে দিনের পর দিন আমার সন্তান অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে। এখন সে ডিএনএ টেস্ট করে জানতে চায়, আমরা তার মা-বাবা কি না।”

তিনি বলেন, “গত ১৪ মে ইলডিকো আমার মেয়ের উপস্থিতিতে বলেন, সে অষ্টম গ্রেডে উঠতে পারবে না এবং আইএসডিতে থাকতে পারবে না। বরং তাকে বিদেশে কোনো আবাসিক স্কুলে ভর্তি করিয়ে দিতে পরামর্শ দেন।”

এই ঘটনার পর মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয় জানিয়ে তার মা বলেন, “মেয়ে এখন পরিবারে নিজেকে গুটিয়ে নিয়েছে, অস্বাভাবিক আচরণ করে এবং আত্মহত্যারও হুমকি দেয়।”

এই আইনি নোটিশের বিষয়ে বক্তব্য জানতে স্কুলের পরিচালক টি জে কোবার্নকে ফোন করা হয়েছিল। নোটিশে উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপর প্রান্ত থেকে পুনরায় প্রতিবেদকের পরিচয় জানতে চান। এরপর পরিচয় দেওয়া হলে ফোনের লাইন কেটে দেওয়া হয়। তারপর একাধিকবার ফোন করা হলেও ওপাশ থেকে সাড়া পাওয়া যায়নি।