বুয়েটছাত্র আবরার হত্যায় জড়িতদের শাস্তি দাবি ডাকসুর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদ হত্যার নিন্দা এবং হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু।
সোমবার ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয় প্রগতিশীল সকল মত ও পথের মুক্ত বিচরণক্ষেত্র। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে লালন করার মাধ্যমেই আমরা আমাদের শিক্ষাকে পরিপূর্ণ করতে পারি, সমৃদ্ধ করতে পারি মাতৃভূমি বাংলাদেশকে।
“তাই বিশ্ববিদ্যালয় পরিসরে যেকোনো প্রকার সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আবরার হত্যাকারীদের স্বল্পতম সময়ে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আবারও তা প্রমাণ করতে হবে।”
এছাড়াও হত্যাকাণ্ডে জড়িতদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
রোববার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই হলের শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ বলছে, দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পরে শিক্ষার্থীরা রাত ২টার দিকে হলের দ্বিতীয়তলার সিঁড়িতে তার লাশ পায়।
লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, আবরারের দুই কাঁধের নিচ থেকে হাতের কব্জি পর্যন্ত কালসিটে ছিল। একইভাবে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছিল জখমের দাগ।
ছাত্রলীগ কর্মীরা আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেছে বলে সহপাঠীদের বরাতে খবর দিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পুলিশ কর্মকর্তারা।
আবরারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
