বিদ্যুতের দাবিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিক্ষোভ, সংঘর্ষ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে বিক্ষুব্ধ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দুপুরের পর পর্যন্ত চলে। পুলিশ লাঠিপেটা ও কয়েক দফা টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশের দুটি গাড়িও ভাংচুর করে জেনেভা ক্যাম্পের বাসিন্দারা।
ক্যাম্প এলাকায় সন্ধ্যায়ও থমথমে অবস্থা বিরাজ করছিল। সংঘর্ষের পর ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৫ হাজার জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে।
জাফর নামে জেনেভা ক্যাম্পের এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েক দিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না তারা।
অপর এক বসিন্দা মুত্তাকিন জানান, কয়েক দিন ধরে অনিয়মিত বিদ্যুতের বিষয়টি নিয়ে তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের শরণাপন্ন হয়েছিলেন। শনিবার বিষয়টি সমাধানের কথা ছিল। কিন্তু না হওয়ায় তারা রাস্তায় নেমে অবরোধ করেন।
এ খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর মিজান ঘটনাস্থলে এসে জেনেভা ক্যাম্প বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে জনরোষ থেকে রক্ষা পেতে তিনি পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপরেই পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে, বলেন মুত্তাকিন।
তার দাবি, পুলিশের ‘হামলায়’ তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। অপরদিকে সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, বিদ্যুৎ বিভাগের লোকদের সাথে নিয়ে জেনেভা ক্যাম্প বাসিন্দাদের সঙ্গে বৈঠক হয়েছিল বেশ কয়েকবার। এসব বৈঠকে তিনি নিজে থেকে একটা সমঝোতার চেষ্টা করেছিলেন।
বেশ কয়েক বছর আগে বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সরবরাহ একবার বন্ধ করে দেওয়া হয়েছিল জেনেভা ক্যাম্পে। পরে ক্যাম্পবাসীদের পক্ষ থেকে আদালতের আশ্রয় নিলে আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছিল, তারা যেহেতু জাতীয় পরিচয়পত্র পেয়েছে, সেহেতু অন্য সব নাগরিকের মতো তাদেরকেও বিদ্যুৎ বিল দিতে হবে। আদালতের এই সিদ্ধান্তের পর সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
প্রায় দুই বছর ধরে এই বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়েছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর মিজান।
তিনি বলেন, “এরপরেও ক্যাম্প বাসিন্দারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছিল। এর মধ্যেই শনিবার গণ্ডগোল হল।”
আটকেপড়া পাকিস্তানিদের এই ক্যাম্পের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে নতুন সিদ্ধান্তের বিষয়ে ত্রাণ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
“আলোচনা চলাকালে ভুল বোঝাবুঝি হয়। তারা ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলা করে। এর ফলে তিনি আহত হন। পুলিশ গিয়ে আহত অবস্থায় ওয়ার্ড কাউন্সিলরকে উদ্ধার করে। এ সময় তারা পুলিশের ওপরও হামলা করে।”
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রবার বুলেট ছোড়ে দাবি করে আনিসুর বলেন, “পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে।”
হাবিবুর রহমান মিজান আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা দাবি করলেও আহত হওয়ার মতো কোন ঘটনাই ঘটেনি বলে মিজান জানান।
এদিকে মিজানের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পক্ষের লোকজন জেনেভা ক্যাম্পের দিকে ছুটে আসে এবং ক্যাম্প বাসিন্দাদের মুখোমুখি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে বেশি দূর গড়ায়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় রাতে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে পুলিশকে মারধর, গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাধা ও অবৈধভাবে সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ করার অভিযোগে এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে।
“ঘটনার ভিডিও ফুটেজ দেখে ৫৩ জনকে শনাক্ত করে তাদের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫ হাজার জনকে আসামি করা হয়েছে। ৫৩ জনের মধ্যে ১১ জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।”
ক্যাম্পের বাসিন্দা কত?
জেনেভা ক্যাম্পে বসবাসকারীর সংখ্যা কত তার সর্বশেষ কোনো তথ্য নেই কারও কাছে। তবে জেনেভা ক্যাম্পসহ আশপাশের আরও চারটি ক্যাম্প মিলে প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্রধারী আছে বলে জানিয়েছেন নন লোকাল রিলিফ কমিটির ভাইস চেয়ারম্যান সীমা কোরাইশী।
তিনি জানান, ২০১২ সালের হিসাব অনুযায়ী পাঁচ হাজার ৮৮০ পরিবার রয়েছে জেনেভা ক্যাম্পে। এখন বেড়ে অন্তত আট হাজার পরিবার হয়েছে। তার দাবি, এসব পরিবারসহ প্রায় এক লাখ বাসিন্দা বসবাস করেন এই ক্যাম্পে।
এরমধ্যে অন্তত ২৫ ভাগ বাঙালি পরিবার রয়েছে দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।
সীমা কোরাইশী জানান, তারা জাতীয়পরিচয়পত্র পাসপোর্ট করতে পারছেন না। তবে অনেকেই বাইরের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করেছেন।
টাকা তোলা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনার নামে
সরকারের একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তার দাবি, বিদ্যুৎ ব্যবস্থাপনার কথা বলে প্রতি মাসে জেনেভা ক্যাম্প থেকে অন্তত সাত লাখ টাকা তোলা হয়।
বিষয়টি নন লোকাল রিলিফ কমিটির কর্মকর্তা সীমা কোরাইশীও স্বীকার করেছেন। তবে তিনি বলছেন, কাঁচাবাজার বাদে বিভিন্ন দোকান থেকে মাসে ৭৫ হাজার টাকা তোলা হয়। সাত জন ব্যক্তি এই টাকা তোলেন।
তিনি জানান, দোকান ভেদে ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। তবে কোনা বাসা থেকে টাকা নেওয়া হয় না।
অন্যদিকে কাঁচাবাজার থেকে প্রায় আড়াই লাখ টাকা প্রতি মাসে তোলার তথ্য দিয়েছেন বাজারের সাথে জড়িত ক্যাম্পের একজন বাসিন্দা।
এছাড়া জেনেভা ক্যাম্পে বিনা পয়সার বিদ্যুতের সংযোগ পাশের চারটি বাড়িতে দিয়েও একটি গ্রুপ টাকা আদায় করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এসব টাকা একজন জনপ্রতিনিধি, একজন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আর একজন প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তির নামে তোলা হয় বলে জানান সীমা কোরাইশী। তবে তিনি তাদের নাম জানাতে রাজি হননি।
